এরউই’র সেঞ্চুরিতে শক্ত অবস্থানে প্রোটিয়ারা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ২৭৪ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় টেস্টে এসে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে প্রথম দিনে তরুণ ব্যাটার সারেল এরউইর সেঞ্চুরিতে শক্ত অবস্থানে আছে প্রোটিয়ারা। দিনশেষে ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ২৩৮ রান।

ক্রাইস্টচার্চে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রোটিয়াদের শুরুটা ছিল দুর্দান্ত। ডিন এলগার ও সারেল এরইউ মিলে ১১১ রানের জুটি গড়েন। এলগার ৪১ রানে আউট হলেও সেঞ্চুরির দেখা পান দ্বিতীয় টেস্ট খেলতে নামা এরউই। ক্রাইস্টচার্চে নিজের অভিষেক টেস্টটি রাঙাতে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে ঠিকই ১০৮ রানের ইনিংস উপহার দিয়েছেন। তার আগে এইডেন মার্করামের সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন। মার্করাম ৪২ রানে আউট হওয়ার পরের ওভারেই ফিরে যান এরউই। ২২১ বলে ১৪ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন ৩২ বছর বয়সী এই ব্যাটার।

তার আউটের পর অবশ্য শেষ বিকালে আর কোনও বিপদ ঘটেনি। রাসি ভ্যান ডার ডাসেন (১৩) ও তেম্বা বাভুমা (২২) অবিচ্ছিন্ন থেকেই দিন শেষ করেছেন। 

কিউই বোলারদের মধ্যে টিম সাউদি, ম্যাট হেনরি ও নিল ওয়াগনার প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।