দক্ষিণ আফ্রিকায় কারস্টেনের অধীনে মুমিনুলদের অনুশীলন

বাংলাদেশ দল আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। দুই সংস্করণের সব ক্রিকেটার একসঙ্গে ঢাকা ছাড়লেও দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দুই ফরম্যাটের দল দুটি পৃথক শহরে চলে যাবে! বাংলাদেশের টেস্ট দল দক্ষিণ আফ্রিকার সাবেক গ্রেট গ্যারি কারস্টেনের অধীনে ক্যাম্পে অংশ নেবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোনও সফরে তিন সংস্করণের খেলা থাকলে সাধারণত প্রথম যে ফরম্যাট মাঠে গড়ায় সেই দল আগে পৌঁছায়, বাকিরা পরে রওনা দেয়। তবে এবার করোনা বাস্তবতায় ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন একসঙ্গে। ১২ মার্চ তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে দল জোহানেসবার্গ ও প্রিটোরিয়ার মাঝামাঝি জায়গার একটি হোটেলে উঠবে। ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবই হবে এই দুটি শহরে। 

এদিকে দক্ষিণ আফ্রিকা পৌঁছেই টেস্ট দল চলে যাবে কেপটাউন। সেখানে গ্যারি কারস্টেনের ক্রিকেট একাডেমিতে মুমিনুলরা অনুশীলনে ঘাম ঝরাবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস।

দুই দলের টেস্ট সিরিজ শুরু হবে ৩১ মার্চ। ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা পৌঁছে মুমিনুলরা দুই সপ্তাহের জন্য অনুশীলন শিবির করবেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কারস্টেনের অধীনে। সেখানে আরও কয়েকজন কোচিং উপদেষ্টাকে নিয়ে তিনি অনুশীলন শিবির পরিচালনা করবেন বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। যদিও কারস্টেনকে মুমিনুলরা মাত্র তিন দিনের জন্য পাবেন বলে জানা গেছে। কারণ ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের দল গুজরাট লায়ন্সের কোচের দায়িত্ব নিতে হবে তাকে।

তিন দিন ক্যাম্পের পর মুমিনুলদের দায়িত্ব সামলাবেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে তাকে ওয়ানডে দলের সঙ্গে দেখা যাবে না। বিশেষায়িত অনুশীলন শিবিরে মুমিনুলদের ব্যাটিং নিয়ে কাজ করবেন তিনি।

সূচি অনুযায়ী চারটি ভেন্যুতে ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দুই ফরম্যাটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩ মার্চ সুপার স্পোর্ট পার্কে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ডারবানে ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথের কেবেরায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।