বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১ হাজার ৪৯৫ নম্বর টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ-আফগানিস্তান। আগে ব্যাটিং করা বাংলাদেশ দল ১৫৬ রানের লক্ষ্য দেয় সফরকারীদের। এই লক্ষ্যে নেমে ৯৪ রানেই অলআউট হয়েছে আফগানরা। ৬১ রানের বড় জয়ে বাংলাদেশ ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানেও এগিয়ে গেছে। অসাধারণ এই জয়ে অবদান ছিল বাংলাদেশের বাঁহাতি বোলারদের। আফগানদের পুরো দশ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন তারা।
বামহাতি স্পিনার নাসুম আহমেদ টানা ৪ ওভার বোলিং করে উইকেট পেয়েছেন ৪টি। এছাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানও সাফল্য পেয়েছেন। তাদের মধ্যে শরিফুল নিয়েছেন ৩টি, সাকিব ২টি ও মোস্তাফিজের শিকার ১ উইকেট। টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম সবগুলো উইকেট নিলেন বাঁহাতি বোলাররা।
এদিকে বল হাতে ২ উইকেট নেওয়ার পথে মোহাম্মদ নবীকে ফিরিয়ে সাকিব সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন।