মেয়েদের ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগুচ্ছে আয়ারল্যান্ড। এই প্রথমবারের মতো ২০জনকে নিয়ে ঘোষণা করেছে পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি। দেশটিতে মেয়েদের ক্রিকেটের উন্নয়নে বিনিয়োগ করা হবে বিশাল অঙ্কের অর্থও! বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ১৫ লাখ ১২ হাজার টাকার কিছু বেশি (১.৫ মিলিয়ন ইউরো)।
মেয়েদের ক্রিকেট নিয়ে একটু বেশি ভাবছে বলেই আয়ারল্যান্ডের বিনিয়োগের পরিমাণ বেড়েছে। ২০১৬-২০১৯ মৌসুমের চেয়ে যা ৩ গুণ বেশি! তখন বার্ষিকভাবে এর পরিমাণ ছিল ৫ লাখ ইউরো।
এখন বিনিয়োগ বেড়ে যাওয়ায় এই অর্থ পুরো ক্রিকেটের কাঠামোতেই অবদান রাখবে। খেলোয়াড়দের চুক্তি, ম্যাচ ফি, কোচিং ও সাপোর্ট স্টাফদের বেতনসহ হোম অ্যান্ড অ্যাওয়েতে ব্যবহৃত সরঞ্জামের খরচ, অ্যাকাডেমি, ভবিষ্যৎ প্রতিভা অন্বেষণ, ভেন্যু ভাড়া, পুষ্টি এবং লাইফস্টাইল ম্যানেজমেন্টসহ সুপার সিরিজের ব্যয় বহন করতে এই অর্থ ভালো অবদান রাখবে।
এর ফলে প্রথমবারের মতো আইরিশদের পূরিপূর্ণ পেশাদার নারী ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হলেন ওই ২০জন। ঐতিহাসিক এই সিদ্ধান্তে রাগবি দলের পর দ্বিতীয় নারী জাতীয় দল আয়ারল্যান্ড ফুলটাইম বার্ষিক চুক্তির আওতাধীন হলো।