দুই টেস্ট ড্র হওয়ায় লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। প্রায় সমানে সমান লড়াইয়ের পর এমন এক অবস্থা বিরাজ করছে, যেখান থেকে পঞ্চম দিনে রোমাঞ্চকর শেষের অপেক্ষায় আছে ঐতিহাসিক এই সিরিজ।
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি পাননি উসমান খাজা। তবে দ্বিতীয় ইনিংসে আর ভুল করেননি। দেখা পেয়েছেন সেঞ্চুরির। স্টিভেন স্মিথের দ্রুততম ৮ হাজার টেস্ট রান পূরণের দিনে দ্বিতীয় ইনিংসটা বেশি লম্বা করেনি অস্ট্রেলিয়া। অসীম সাহস দেখিয়ে ৩ উইকেটে ২২৭ রান তুলেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। তাতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫১ রান।
চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙে ৯৬ রানে। ডেভিড ওয়ার্নার ৫১ রান করার পর শাহীন আফ্রিদির অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন। লাবুশেন ও স্টিভেন স্মিথ ইনিংস বড় করতে পারেননি। খেলেছেন ৩৬ ও ১৭ রানের ইনিংস। একপ্রান্ত আগলে খাজাই শুধু ব্যাটিং করে গেছেন। তুলে নেন সেঞ্চুরি। খাজা ১০৪ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ট্রাভিস হেড ১১ রানে।
এই লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের শুরুটাও হয়েছে সম্ভাবনার বার্তায়। বিনা উইকেটে তুলে ফেলেছে ৭৩ রান। ইমাম উল হক ৪২ রানে অপরাজিত আছেন। আব্দুল্লাহ শফিক অপরাজিত আছেন ২৭ রানে। ফলে পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২৭৮। ওভার রয়েছে আরও ১২১টি!
অবশ্য দিনের শেষ ওভারের পঞ্চম বলে আউটের দারুণ একটি সুযোগ মিস করেছে অস্ট্রেলিয়া। লাবুশেনের বলে আব্দুল্লাহ শফিকের ক্যাচ স্লিপ থেকে ছেড়েছেন স্টিভেন স্মিথ।
সংক্ষিপ্ত স্কোর:
(চতুর্থ দিন শেষে)
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংসে ১৩৩.৩ ওভারে ৩৯১ (উসমান খাজা ৯১, ক্যামেরন গ্রিন ৭৯, অ্যালেক্স ক্যারি ৬৭, স্টিভেন স্মিথ ৫৯; নাসিম শাহ ৪/৫৮, শাহীন আফ্রিদি ৪/৭৯)। দ্বিতীয় ইনিংসে: ২২৭/৩ ডি. (খাজা ১০৪*, ওয়ার্নার ৫১; নাসিম ১/২৩, শাহীন ১/৪৫, নুমান ১/৫৫)
পাকিস্তান: প্রথম ইনিংসে ১১৬.৪ ওভারে ২৬৮ (আব্দুল্লাহ শফিক ৮১, আজহার আলী ৭৮; প্যাট কামিন্স ৫/৫৬, স্টার্ক ৪/৩৩)। দ্বিতীয় ইনিংসে: ৭৩/০ (ইমাম ৪২*, শফিক ২৭*)