দেশে ফিরলেন সাকিব, জানালেন টেস্ট সিরিজ কঠিন হবে

সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ার কিছুক্ষণ পরই দেশের উদ্দেশে যাত্রা করেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাত ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান। দেশে ফিরে সাকিব জানালেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ কঠিন হবে।

সাকিব দেশে ফেরায় টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও বিসিবি থেকে জানানো হয়েছে, পরিবারের সদস্যদের সুস্থতার ওপর নির্ভর করছে সাকিবের দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়া। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ব্যাপারে অবশ্য কিছু বলেননি বাঁহাতি এই অলরাউন্ডার।

টেস্ট সিরিজ নিয়ে সাকিব বলেছেন, 'টেস্ট বেশি চ্যালেঞ্জিং হবে। ৫-৭ বছর ধরেই ওয়ানডেতে ভালো দল আমরা, সবাই জানি। ওয়ানডেতে ট্রু উইকেট থাকে। যারা ভালো করবে, তাদেরই সম্ভাবনা। টেস্টে কন্ডিশনের সুবিধা বেশি পায়। তবে ওদের কয়েকজন মেইন প্লেয়ার যেহেতু খেলছে না, আমরা আশাবাদী হতেই পারি।’

পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি, এমন কঠিন অবস্থায় যে কারও জন্যই দূর দেশে থাকা কঠিন। তবু দেশের টানে বুধবার সেঞ্চুরিয়নে মাঠে নেমেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। সেঞ্চুরিয়নে সিরিজ জয় নিয়ে সাকিব বলেছেন, ‘খুবই ভালো লাগছে। অন্য সবার মতোই প্রথমবার যেকোনো কিছু হলেই ভালো। দেশের বাইরে এ রকম যেখানে কন্ডিশন আমাদের প্রতিকূলে না সেখানে আমরা সিরিজ জিততে পেরেছি, সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা বড় বিষয়।’

আগামী ৩১ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাকিব টেস্ট দলে থাকলেও পরিবারের সদস‌্যদের সুস্থতার ওপর নির্ভর করছে খেলা কিংবা না খেলা। সুস্থ হলে প্রথম টেস্টের আগেই আবার ফিরে যাবেন। না হয় দ্বিতীয় টেস্টের আগে যাবেন।

প্রসঙ্গত, সাকিবের তিন সন্তান, মা শিরিন আক্তার ও শাশুড়ি আছেন হাসপাতালের বিছানায়। মা ও শাশুড়ি বেশ অসুস্থ। তবে সন্তানরা মোটামুটি ভালো আছেন। সাকিবের মা এমনিতেই হার্টের রোগী। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা-জ্বরে ভুগছে। তিনজনই দাদীর সঙ্গে একই হাসপাতালে ভর্তি।