অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরলেন ম্যাককালাম

চোটের কারণে বেশ কিছুদিন দলে ছিলেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে সুস্থ হয়ে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ফিরছেন কিউই এই ক্রিকেটার। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পিঠের চোট নিয়ে সাইড লাইনে চলে যান ম্যাককালাম। ‌
আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তাই এই সিরিজ জিতেই বিদায় নিতে চান কিউই এই ক্রিকেটার।
একইসঙ্গে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে চোটের কারণে নেই টিম সাউদি ও রস টেইলর। একইভাবে পাকিস্তানের বিপক্ষে চোখে মারাত্মকভাবে চোট পাওয়া পেসার মিচেল ম্যাক্লিনাঘানও নেই সিরিজে। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি।

স্কোয়াড:

ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, গ্র্যান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হ্যানরি, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, হেনরি নিকোলস, লুক রনকি, মিচেল স্যান্টনার, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম (অতিরিক্ত)।

/এফআইআর/