লিটনের অদ্ভুত আউটের দিনে জিতেছে আবাহনী (ভিডিও)

প্রিমিয়ার লিগে অদ্ভুতভাবে স্টাম্পড হয়েছেন আবাহনীর ব্যাটার লিটন দাস। ১৯তম ওভারে মেহেদী হাসানের বলটি প্যাডল সুইপ করেছিলেন। তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি যে আগেই লেগ সাইডে সরে আসায় বলটি জমে যাবে উইকেটকিপার মিঠুনের গ্লাভসে! ক্রিজ ছেড়ে লিটন রান নেওয়ার জন্য দৌড় দিতে গেলে ততক্ষণে স্টাম্প ভেঙে দিয়েছেন কিপার মিঠুন। তাতে ৩০ রানে সাজঘরে ফিরতে হয়েছে জাতীয় দলের তারকাকে। অবশ্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে তারকা ব্যাটার ইনিংস লম্বা করতে না পারলেও জিতেছে তার দল। আবাহনী ২৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৭১ রানের সংগ্রহ পায় আবাহনী। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এই ম্যাচ দিয়ে লিগে অংশ লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউ। জয় করতে পেরেছেন ২১ রান। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ভারতের হনুমা বিহারি। ৭৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন। এছাড়া অধিনায়ক মোসাদ্দেক করেছেন ৪০ রান। শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি ও সাইফউদ্দিনও দ্রুত গতিতে ব্যাট চালিয়ে রান তুলতে অবদান রেখেছেন। শামীম ২৭ বলে করেছেন ৩৬, সাইফ ৫ বলে দুই ছক্কায় করেন ১৪।

জবাবে মোহাম্মদ মিঠুন ৯৫ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১০৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেললেও জিততে পারেনি প্রাইম ব্যাংক।

জয়ের লক্ষ্যে নামা দলটির শুরুটাও ভালো ছিল না। ৭৮ রানে বিদায় নেয় ৪ ব্যাটার। টপ অর্ডারে শুধু শাহাদাত দিপু ৩৯ রান করেছেন। মুমিনুল হক ১৫ রানের বেশি করতে পারেননি। তার পর দলের ইনিংস সমৃদ্ধ হয়েছে পাঁচে নামা মিঠুনের ব্যাটে। এই ব্যাটার সেঞ্চুরি তুলেও দলকে জেতাতে পারেননি। ৪৭.১ ওভারে তিনি যখন ফেরেন, ততক্ষণে স্কোর ৯ উইকেটে ২৩৫। তার বিদায়ের পর ৪৮.১ ওভারে ২৪৩ রানেই গুটিয়ে গেছে প্রাইম ব্যাংক। আবাহনীর হয়ে ২টি করে উইকেট নেন সাইফউদ্দিন, রাকিব, মোসাদ্দেক ও তানবীর।