অস্ট্রেলিয়ার ওপর জঙ্গি হামলার হুমকি, গ্রেফতার এক সন্দেহভাজন

এমনিতেই পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কায় থাকে দেশগুলো। তাই খুব সহজে সেখানে সফর করতে রাজি হয় না কেউ। এই যেমন অস্ট্রেলিয়া টিম গত মাসে পাকিস্তান সফর করতে গেলো ২৪ বছর পর! সফরটা শেষ পর্যন্ত নির্বিঘ্নে মাঠে গড়ানো গেলেও অজিদের ওপর হুমকি এসেছিল জঙ্গি হামলার।

হুমকি দেওয়া সেই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পাঞ্জাব প্রদেশের পুলিশ। ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোনে হুমকি দিয়ে বলেছিলেন, লাহোরে কামিন্সদের ওপর হামলা হবে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা মুবাশির মাকেন বলেছেন, ‘ফোনে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হুমকি দেওয়া ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।’

তিনি আরও জানান, সন্দেহভাজনের নাম ইরফান নাসির। তাকে লাহোর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে টোবাটেকসিং থেকে গ্রেফতার করা হয়েছে।    

ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে তার মোবাইল ফোনের প্রাপ্ত ডাটা বিশ্লেষণ করে খুঁজে বের করতে উঠেপড়ে লেগেছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থা। এখন তার বিরুদ্ধে ‘অ্যান্টি টেররিজম অ্যাক্ট’ ও ‘টেলিগ্রাফ অ্যাক্টের’ আওতায় মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যক্তির অন্য কোনও নিষিদ্ধ সংস্থার সঙ্গে যোগসূত্র রয়েছে কিনা, সেটিও খুঁজে দেখা হচ্ছে। টেস্ট দলের সদস্য স্পিনার অ্যাশটন অ্যাগারও হত্যার হুমকি পেয়েছিলেন সোশাল মিডিয়ায়। পরে দেখা গেছে, যে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল সেটি ভুয়া।