গত বছর চেন্নাই সুপার কিংসের চতুর্থ শিরোপা জয়ের পথে বড় অবদান ছিল দীপক চাহার হারের। একই লক্ষ্যে এবারের নিলামে তাকে কিনতে ১৪ কোটি রুপি খরচ করেছিল চেন্নাই! কিন্তু ইনজুরি বড় বিপদে ফেলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। কোনও ম্যাচ না খেলেই আইপিএল থেকে ছিটকে গেছেন এই পেস বোলার।
চাহার গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া পেশির চোট থেকে সুস্থ হতে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে ছিলেন। এতদিন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেই (এনসিএ) চলছিল পুনর্বাসন। সেখানে আবার নতুন করে পিঠের চোটে আক্রান্ত হলে আইপিএলে খেলার সম্ভাবনাই শেষ হয়ে যায় তার।
শুরুর পর্যবেক্ষণে এনসিএ একাডেমির ফিজিও বলেছিলেন, চাহার হয়তো টুর্নামেন্টের একটা অংশ খেলতে পারবেন। চেন্নাই সুপার কিংস এতদিন সেই আশাতেই ছিল।
এখন চাহার ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেতে হলো ধোনিদের। এর মধ্যে তার অনুপস্থিতি প্রভাবও ফেলেছে। নতুন বলে সুইং দিয়ে আঘাত হানার পাশাপাশি লোয়ার অর্ডারে কার্যকরী হিটার হিসেবে তিনি প্রতিষ্ঠিত। গত মৌসুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করাতে ১৫ ম্যাচে ৮.৩৫ ইকোনমিতে নিয়েছেন ১৪টি উইকেট। কিন্তু এবার তার অনুপস্থিতিতে সেই ভারসাম্য নষ্ট হয়ে গেছে। চেন্নাই হেরেছে প্রথম ৪টি ম্যাচেই।
চাহারের অনুপস্থিতি যে প্রভাব ফেলেছে সেটি এই পরিসংখ্যানেই যথেষ্ট- এই মৌসুমে পাওয়ার প্লেতে মাত্র চারটি উইকেট নিতে পেরেছে চেন্নাই। অথচ এই দলটির হয়েই প্রথম ছয় ওভারে চাহারের রেকর্ড- ৫৮ ইনিংসে ৭.৬১ ইকোনমি রেটে ৪২ উইকেট।