মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে সাকিব

সুপার লিগে উঠতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। তাই দল বদলে লিজেন্ডস অব রূপগঞ্জকে বেছে নিয়েছেন সাকিব আল হাসান। বুধবার তার দেশে ফেরার কথা। বিসিবি অনুমতি দিলে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। সংবাদ মাধ্যমকে তেমনটাই জানালেন, মোহামেডানের পরিচালক এজিএম সাব্বির।

ক্রিকেট কিংবা ফুটবল-মোহামেডান স্পোর্টিং ক্লাবের এখন কেবল ঐতিহ্য আর বড় দলের তকমাটুকুই আছে। সাফল্য বুভুক্ষু বছরের পর বছর। অবস্থা এমন যে, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও শিরোপার স্বাদ পায়নি গত এক দশক। শেষবার শিরোপা জিতেছিল ২০০৯-২০১০ মৌসুমে। চলতি মৌসুমে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়ে চমকই দেখয়েছিল। ঘটা করে জার্সি উন্মোচন করলেও মাঠের খেলায় খুব ভালো কিছু করতে পারেনি। কোনও রকমে রেলিগেশন এড়িয়েছে।

শেষ পর্যন্ত সুপার লিগে খেলতে না পারায় মোহামেডান মুশফিক, মিরাজ ও সাকিবকে রিলিজ করে দিয়েছে। মুশফিক ও মিরাজ শেখ জামালের হয়ে খেললেও সাকিব খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জে।

মঙ্গলবার সাকিব ইস্যুতে সংবাদ সম্মেলন ডাকে মোহামেডান। সেখানে কথা বলেছেন ক্লাবটির পরিচালক এজিএম সাব্বির, ‘সমঝোতার ভিত্তিতে এটা হয়েছে। আমাদের সঙ্গে সাকিব যোগাযোগ করেছে। যেহেতু মোহামেডান কোয়ালিফাই করেনি। সাকিব জানিয়েছে, লিজেন্ডস অব রূপগঞ্জ ওর সঙ্গে যোগাযোগ করেছে। আমাদের কাছেও সাকিবের খেলতে চাওয়া গুরুত্বপূর্ণ। খেলার জন্য আমাদের কাছে সাকিব অনাপত্তিপত্র চেয়েছে, ওকে অনাপত্তিপত্র দিয়েছি। মাসুদ ভাই, মাহবুবুল আনামসহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সাকিবকে রিলেজ করে দিয়েছি।’

তবে সাকিবকে খেলতে হলে বিসিবির অনুমতি প্রয়োজন। বিসিবি এখনও এই ব্যাপারে কিছু বলেনি। সিসিডিএমের সমন্বয়ক আমিন খানকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি। যদিও মোহামেডানের পরিচালক সাব্বির মনে করেন, বিসিবির অনুমতি না দেওয়ার কোনও কারণ নেই, ‘বিসিবি অনুমতি দিবে কি দিবে না, এটা বিসিবির সিদ্ধান্ত। আমরা ক্লাব থেকে অনুমতি দিয়ে দিয়েছি। জানি না বিসিবি কী সিদ্ধান্ত নেবে। তবে দেওয়ার কথা। এটা বিসিবির একটা টুর্নামেন্ট, বড় বড় খেলোয়াড়রা যখন খেলবে টুর্নামেন্টের জৌলুস বাড়বে।’