দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঢাকায় নেমে সোজা চট্টগ্রামে চলে যাওয়ার কথা ছিল লঙ্কানদের। টেস্ট সিরিজের আগে সেখানেই হওয়ার কথা ছিল দুই দিনের প্রস্তুতি ম্যাচ। তবে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তুতি ম্যাচটি সরিয়ে আনা হয়েছে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।
আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। আগামী ১০ ও ১১ মে অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা দল।
প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে চার ম্যাচে দুটি করে জয়-পরাজয়ে শ্রীলঙ্কা ২৪ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। অন্যদিকে এক জয় ও পাঁচ হারে ১২ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আট নম্বরে।
এবারের সফরে শুধু দুটো টেস্টেই খেলবে শ্রীলঙ্কা। এর আগে গত বছরের মে মাসে সবশেষ বাংলাদেশ সফর করেছিল লঙ্কানরা। সেবার তিনটি ওয়ানডে খেলেছিল দল দুটি। ২০২১ সালে শ্রীলঙ্কায় দুই দলের সবশেষ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে দেশের মাটিতেও হেরেছিল একই ব্যবধানে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি:
১০-১১ মে: দুই দিনের প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি, সাভার
১৫-১৯ মে: প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৩-২৭ মে: দ্বিতীয় টেস্ট, শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা