রমিজকে পাকিস্তান সরকার সরিয়ে দিতেই পারে: মঈন

পাকিস্তানের রাজনীতি ও ক্রিকেট খুব ঘনিষ্ঠভাবে জড়িত। দেশটির প্রধানমন্ত্রীই হয়ে থাকেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘চিফ প্যাট্রন’। সেই পদাধিকার বলে প্রধানমন্ত্রী নির্ধারণ করে দেন পিসিবি চেয়ারম্যান। যেমনটা রমিজ রাজার ক্ষেত্রে হয়েছে। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান তাকে বসিয়েছিলেন পিসিবি চেয়ারম্যানের পদে। এখন ইমরান না থাকায় রমিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এই ব্যাপারেই কথা বলেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মঈন খান।

পিসিবির সংবিধানই এমনভাবে করা, যেখানে ‘চিফ প্যাট্রন’-এর হাতে থাকে চেয়ারম্যান ঠিক করে দেওয়ার ক্ষমতা। নতুন সরকার দায়িত্বে আসায় তারা চাইলে বর্তমান চেয়ারম্যান রমিজকে বিদায় করে দিতে পারেন। আর তাতে কোনও সমস্যা দেখছেন না সাবেক উইকেটকিপার ব্যাটার মঈন। পিসিবির গঠনতন্ত্র যেভাবে করা আছে, সেই নিয়মনীতি মেনে সব হবে বলে জানিয়েছেন তিনি। তাই রমিজকে সরিয়ে দিতেই পারে পাকিস্তান সরকার।

এক সাক্ষাৎকারে মঈন বলেছেন, ‘প্যাট্রন-ইন-চিফের মনোনয়নে নির্ধারণ করা হয় পিসিবি চেয়ারম্যান। একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি, রমিজ রাজা নিজে থাকতে চায় নাকি চায় না সেই বিষয়টি মূল্যায়ন করা উচিত নতুন সরকারের।’ সঙ্গে যোগ করেছেন, ‘যেটা আমি বললাম, যদি তারা (নতুন সরকার) নতুন প্রার্থী নির্বাচন করে, সেটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ীই হবে। এখানে কোনও সমস্যা নেই।’

গত ৯ এপ্রিল রাতে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান। পাকিস্তানের সাবেক অধিনায়ক দেশের নেতৃত্বের চেয়ার হারানোয় রমিজের ভবিষ্যৎ নিয়ে জন্মেছে শঙ্কার মেঘ। কারণ পাকিস্তানে সরকার পরিবর্তন হলে পিসিবি চেয়ারম্যানের পদেও আসে বদল!

পাকিস্তানের এক দৈনিকের খবর, রমিজ নিজেও তৈরি আছেন। পিসিবি চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে, এমন আঁচ পেলে নিজে থেকেই সরে দাঁড়াবেন। ধারাভাষ্যে নাকি তার বেশ কিছু প্রস্তাব আছে। পুরনো পেশায় ফিরে যাওয়াকেই ‘সঠিক কাজ’ মনে করছেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনে বরখাস্ত হওয়ার শঙ্কা তৈরি হলে নিজের সম্মান রক্ষায় আগেই পদত্যাগ করার সিদ্ধান্তও নাকি নিয়ে রেখেছেন সাবেক পাকিস্তানি ব্যাটার।

ওই সংবাদমাধ্যমটি আরও ছেপেছে, পিসিবির সাবেক এক চেয়ারম্যান নাকি এরই মধ্যে বলাবলি শুরু করেছেন, তিনি আবারও বসতে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারে। এই খবরটি ঠিক-ভুল যাইহোক, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অতীত ইতিহাস সাক্ষী দেয়, দেশে সরকার পরিবর্তন হলে পিসিবি চেয়ারম্যান পদেও আসে পরিবর্তন।