স্বপ্নের এক মৌসুম কাটাচ্ছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার যে দারুণ ফর্মে, সেটা অনেক দিন ধরেই আলোচনায়। তার ধারাবাহিকতায় প্রথম ক্রিকেটার হিসেবে স্পর্শ করেছেন মাইলফলক। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এক মৌসুমে হাজার রান করেছেন এই ওপেনার।
মাইলফলক থেকে ৭০ রান পিছিয়ে থেকে মাঠে নেমেছিলেন এনামুল। রূপগঞ্জ ক্রিকেটার্সের পেসার নাহিদের বলটি কাভারে পাঠিয়ে দিয়ে এক রান তুলতেই কীর্তি গড়েন তিনি। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা লিগে এক মৌসুমে এত রান আর কারও নেই।
মঙ্গলবার এমন অর্জনের দিনে এনামুলের উল্লাসও ছিল বাঁধনহারা। সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করতেই দুই হাত ওপরে তুলে নিজের অর্জনটাকেও স্মরণীয় করে রাখলেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। মুখ ভর্তি চওড়া হাসিতে মুষ্টিবদ্ধ হাত দিয়ে শূন্যে ঘুষি ছুড়ছিলেন। এরপর হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন ব্যাট। সতীর্থ তামিম তখন তাকে জড়িয়ে ধরে জানান অভিনন্দনও।
সুপার লিগের দ্বিতীয় ম্যাচেই সাইফ হাসানের এক মৌসুমে করা ৮১৪ রানের রেকর্ড ছাড়িয়ে যান ডানহাতি ব্যাটার। ২০১৩ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ২০১৯ সালে ১৬ ইনিংসে সাইফ ৮১৪ রান করেছিলেন। এবার সাইফকে ছাড়ানো এনামুল নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। ১৪ ম্যাচে ৮০.১৫ গড়ে ও ৯৭.৪৭ স্ট্রাইক রেটে রান করেছেন ১ হাজার ৪২।
ঢাকা লিগ লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ার আগে গাজী আশরাফ হোসেন লিপু, স্টিভ টিকোলোদের সহস্রাধিক রানের রেকর্ড ছিল। কিন্তু লিস্ট ‘এ’ মর্যাদা না থাকায় সেগুলো রেকর্ড বুকে নেই। ১৯৮৪-১৯৮৫ মৌসুমে আবাহনীর অধিনায়ক লিপু প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এক মৌসুমে হাজার রান করেছিলেন।
২০০১ সালে মোহামেডানের হয়ে ১৬ ইনিংসে ১ হাজার ২২৭ রান করেছিলেন কেনিয়ার ব্যাটার স্টিভ টিকোলো। দুই কিংবদন্তির পর এনামুল আজ হাজার রানের কৃতিত্ব দেখালেন।