মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডস। তার গাড়িটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়েছে- এর রহস্য উদঘাটন না হলেও জানা গেছে গাড়িতে থাকা সাইমন্ডসের দুই কুকুর প্রাণে বেঁচে গেছে।
শনিবার রাত ১১টায় টাউন্সভিলে দুর্ঘটনার কবলে পড়ে সাইমন্ডসের গাড়ি। এই টাউন্সভিলেই বসবাস করছিলেন ৪৬ বছর বয়সী সাবেক অজি অলরাউন্ডার। গাড়িতে এই সময় সাইমন্ডস ছাড়াও তার সঙ্গে ছিল পছন্দের দুই পোষা কুকুর।
দুর্ঘটনার প্রায় দুই মিনিট পর এক প্রত্যক্ষদর্শী দুর্ঘটনা কবলিত গাড়িটি দেখতে পায়। দ্য কুরিয়ার মেইলকে ওই সময়ের ঘটনা উল্লেখ করে প্রত্যক্ষদর্শীটি জানান, ‘দুই কুকুরের মধ্যে একটি খুবই সংবেদনশীল ছিল। আর সেই কুকুরটি সাইমন্ডসকে রেখে কোথাও যেতে চাচ্ছিল না। সাইমন্ডসের কাছ থেকে ওকে সরাতে গেলেই গর্জে উঠছিল। আমার সঙ্গীটি সাইমন্ডসকে দেখে গাড়ি থেকে বের করে আনে।’
ওই সময় সাইমন্ডসের সর্বশেষ অবস্থার কথা তুলে তিনি আরও বলেছেন, ‘সাইমন্ডস তখন অজ্ঞান ছিল। কোনও সাড়া দিচ্ছিল না, স্পন্দনও পাওয়া যাচ্ছিল না।’ প্যারামেডিকস পরে সর্বোচ্চ চেষ্টা করলেও সাবেক অজি ক্রিকেটারকে আর বাঁচাতে পারেনি।
আরেকটি খবরে জানা গেছে, দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে তখনও কান্ট্রি মিউজিক শোনা যাচ্ছিল।
সাইমন্ডস স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। স্ত্রী লরা বলেছেন, তারা এখন তীব্র শোকের মাঝে বিরাজ করছেন, ‘আমরা তীব্র শোকের মাঝে রয়েছি। এখন আমার দুই সন্তান নিয়ে উদ্বিগ্ন। ওদের বাবা বড় মানুষ ছিলেন; সন্তানরা বাবার মতোই অনেক কিছু পেয়েছে।’ সাইমন্ডসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেছেন, ‘সবার জন্যেই সাইমন্ডস সময় বের করে নিতো।’