দিনের শুরুতেই মুশফিকের বিদায়

কঠিন বিপদে হাল ধরেছিলেন দলের। অবিশ্বাস্য ব্যাটিংয়ে লজ্জার হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর সঙ্গে বড় সংগ্রহ গড়তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে যখন আবারও দলের একই অবস্থা, তখন তার ওপর প্রত্যাশা বেড়ে যাওয়া স্বাভাবিক। তবে এবার আর পারলেন না মুশফিক। পঞ্চম দিনের শুরুতেই আউট হয়ে গেছেন তিনি।

আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের স্কোর ৪০ ওভারে ৫ উইকেটে ১৩৪। ব্যাট করছেন লিটন দাস (৪৩*) ও সাকিব আল হাসান (৪২*)। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৫০৬ রান থেকে ৭ রানে পিছিয়ে তারা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩৬৫ রান।

প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে প্রতিরোধ শুরু করেছিলেন মুশফিক। পরিস্থিতির দাবি মিটিয়ে সত্যিকার টেস্ট মেজাজে ব্যাটিং করে দলকে নিয়ে যান সম্মানজনক জায়গায়। আর ব্যক্তিগত পারফরম্যান্সে খেলেন চোখ জুড়ানো এক ইনিংস। শ্রীলঙ্কা তাকে আউটই করতে পারেনি। খেলেন হার না মানা ১৭৫ রানের ঝলমলে ইনিংস। সেই মুশফিকের হাত ধরে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা থাকাই স্বাভাবিক। তবে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি।

২৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে চতুর্থ দিনের শেষ সময়টা আগলে রেখেছিলেন তিনি। তবে পঞ্চম দিনে বেশিদূর যেতে পারেননি। সকালে কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। যাওয়ার আগে মুশফিক ৩৯ বলে ৪ বাউন্ডারিতে করেন ২৩ রান।