স্টোকস যুগেও ইংল্যান্ডের হতশ্রী ব্যাটিং

নতুন অধিনায়ক বেন স্টোকস আর কোচ ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে শুরু হয়েছে ইংল্যান্ডের নতুন যুগ। কিন্তু নতুন সূচনায় দেখা মিললো না কোনও ঝলকের। বরং লর্ডসে প্রথম টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের মতো সমানে সমান লড়েছে নিউজিল্যান্ড।

প্রথম সেশনটি যদি হয় ইংল্যান্ডের। তাহলে নিঃসন্দেহে শেষ সেশনে আধিপত্য ছিল নিউজিল্যান্ডের। মোট ২৪৮ রান উঠেছে। পড়েছে ১৭টি উইকেট! তাতে বোলারদের আধিপত্যে শুরু হয়েছে এই টেস্ট।

টস জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে নামলেও কন্ডিশনের মুভমেন্ট সহায়তা করেছে স্বাগতিকদের। পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে কিউইদের ধ্বংসস্তূপে পরিণত করতে অবদান ছিল অভিষিক্ত পেসার ম্যাথিউ পটসের। দুজনেই চারটি করে উইকেট নিয়েছেন। প্রথম টেস্ট খেলতে নামা পটসের প্রথম শিকারই ছিলেন কেন উইলিয়ামসন (২)। যার প্রত্যাবর্তন হয়েছে ৫ টেস্ট পর।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একার লড়াইয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন কেবল কলিন ডি গ্র্যান্ডহোম। তাছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ছিল টিম সাউদির ২৬। শেষ ৩ উইকেটেই ৮৭ রান যোগ হয়েছে। তাতে বোঝা যাচ্ছে প্রতিষ্ঠিত ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ফলে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ৪০ ওভারে ১৩২ রান তুলতে পেরেছে সফরকারী দল।

অবশ্য ইংল্যান্ড বল হাতে শুরুতে যতটা দাপট দেখিয়েছে। ব্যাট হাতে সেই পুরনো হতশ্রী রূপ নিয়ে দিনও শেষ করেছে। তবে দুই ওপেনারে শুরুটা ছিল আশা জাগানোর মতোন। বিনা উইকেটে তুলে ফেলে ৫৯ রান। ২ উইকেট পড়েছে ৯২ রানে। তার পর তো ৮ রানে আরও ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপ!      

সর্বোচ্চ ৪৩ আর ২৫ রান করেছেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও অ্যালেক্স লিস। জো রুটও ১১ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক বেন স্টোকস তো মাত্র ১ রানে সাউদির বলে গ্লাভসবন্দি হয়েছেন।   

বিপর্যয়ে পড়ে যাওয়া ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৬ ওভারে ৭ উইকেটে ১১৬ রানে দিন শেষ করেছে। ক্রিজে আছেন বেন ফোকস (৬) ও স্টুয়ার্ট ব্রড (৪)। তারা এখনও ১৬ রানে পিছিয়ে।

অবশ্য একই দিন কনকাশন সাব হওয়ার মতো ঘটনাও ঘটেছে। ষষ্ঠ ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাজেভাবে পড়ে যান বামহাতি স্পিনার জ্যাক লিচ। তার জায়গায় বদলি হচ্ছেন আরেক ইংলিশ লেগ স্পিনার ম্যাট পার্কিনসন। তিনি টেস্ট অভিষেকের অপেক্ষায়।     

নিউজিল্যান্ডের হয়ে সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা। টিম সাউদি দুটি, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট নিয়েছেন দুটি করে উইকেট। একটি নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম। 

সংক্ষিপ্ত স্কোর:

প্রথম দিন শেষে

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে: ৪০ ওভারে ১৩২ (গ্র্যান্ডহোম ৪২*, সাউদি ২৬, বোল্ট ১৪, ব্লান্ডেল ১৪; অ্যান্ডারসন ৪/৬৬, পটস ৪/১৩)

ইংল্যান্ড প্রথম ইনিংসে: ৩৬ ওভার শেষে ১১৬/৭ (ক্রলি ৪৩, লিস ২৫, রুট ১১; বোল্ট ২/১৫, জেমিসন ২/২০, সাউদি ২/৪০)