না খেলেই বাড়ি ফিরতে হচ্ছে অস্ট্রেলিয়ান পেসারকে

শুরুর আগেই শেষ! মাঠে নামার সুযোগই হলো না শন অ্যাবটের। অনুশীলনে পাওয়া চোটে শ্রীলঙ্কা সফর শেষ হয়ে গেছে এই পেসারের। শ্রীলঙ্কার বিপক্ষে কেবল টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন তিনি। তবে একই সঙ্গে শ্রীলঙ্কা সফরে থাকা অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলার কথা ছিল অ্যাবটের। কোনোটাই হলো না। সিরিজ শুরুর আগেই আঙুলের চোটে দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।

মঙ্গলবার হয়েছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি। কলম্বোর ম্যাচটির একাদশে ছিলেন না অ্যাবট। টিম কম্বিনেশনে হয়তো পরের ম্যাচগুলোতেও একাদশে থাকা হতো না এই পেসারের। তিনি ছিলেন না অজিদের ওয়ানডে স্কোয়াডেও। তবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের ও চার দিনের ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে মাঠে নামার সুযোগ ছিল অ্যাবটের। কিন্তু আঙুল ভেঙে যাওয়ায় মাঠে নামার আগেই শেষ হয়ে গেছে শ্রীলঙ্কা সফর।

দেশে ফিরে যাচ্ছেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্ব। তিনি অবশ্য চোটের কারণে নয়, বাড়ি ফিরছেন সন্তানসম্ভাবা সঙ্গীর পাশে থাকতে। এই ব্যাটার ছিলেন না অস্ট্রেলিয়ার কোনও ফরম্যাটের স্কোয়াডেই। খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে। কিন্তু মাঠে নামার আগেই দেশে ফিরে যাচ্ছেন হ্যান্ডসকম্ব।

শ্রীলঙ্কা সফরে তিন ফরম্যাটেই খেলবে অস্ট্রেলিয়া। শুরুটা হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডের পর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।