রেকর্ড দামে সম্প্রচার স্বত্ব বিক্রির পর ক্রিকেটের আন্তর্জাতিক ক্যালেন্ডারেও প্রভাব ফেলতে যাচ্ছে আইপিএল। আইসিসির পরবর্তী এফটিপি ক্যালেন্ডারে (ভবিষ্যৎ সফর সূচি) বড় জায়গা ফাঁকা রাখা হবে শুধু আইপিএলের জন্য। অর্থাৎ এই সময়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ হবে না।
আইসিসির বর্তমান এফটিপি ২০১৮-২০২৩ সাল পর্যন্ত জন্য ঠিক হয়ে আছে। এর সমাপ্তি ঘটবে ৫০ ওভারের বিশ্বকাপ দিয়ে। তার পর পরবর্তী চক্র শুরু ২০২৪ সাল। ওই সময় আইপিএলের ম্যাচ সংখ্যা ৮৪ থেকে ৯৪ বাড়ানোর ইঙ্গিত দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহ বলেছেন, ‘আমরা এরকম দৃষ্টিভঙ্গি রেখেই কাজটা এগিয়ে নিচ্ছি। একটা বিষয় আপনাদের জানাতে চাই, পরবর্তী এফটিপি ক্যালেন্ডারে আইপিএলের জন্য দুই থেকে আড়াই মাসের একটা উইন্ডো থাকবে। যাতে বড় আন্তর্জাতিক তারকারা অংশ নিতে পারেন। আমরা বিভিন্ন বোর্ডসহ আইসিসির সঙ্গেও এ নিয়ে কথা বলেছি।’
আইপিএল দীর্ঘ করা নিয়ে অনেক ধরনের পরিকল্পনা সামনে আসছে। কথা হচ্ছে বছরে দুই ধাপে টুর্নামেন্ট আয়োজন করা নিয়েও। শাহ এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। অনেক প্রস্তাবই এসেছে। যেমন আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বিদেশে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাবও এসেছে। সেজন্য আমাদের অন্যান্য বোর্ডের সঙ্গে কথা বলতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটারদের সূচির বিষয়ে জানতে হবে।’
তবে উদ্বেগের বিষয় হচ্ছে যদি প্রতি বছরই আইপিএল বেশি সময় নিয়ে ফেলে, তাহলে তার প্রভাব পড়বে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারেও। জয় শাহ অবশ্য নিশ্চয়তা দিতে চাইলেন এভাবে, ‘বিশ্ব ক্রিকেট যতদিন শক্তিশালী থাকবে, ভারতের ক্রিকেটও ততদিন শক্তিশালী থাকবে। বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি দায়বদ্ধ। আর সেটা শুধু ভারত-অস্ট্রেলিয়া, ভারত-ইংল্যান্ডের মতো মহামূল্যবান সিরিজের বেলাতেই নয়। দায়বদ্ধ থাকবে ছোট দেশগুলোর সঙ্গে সিরিজ খেলার বেলাতেও।’