‘জস, আমাদের বস’

ইংল্যান্ডকে বিদায় বলেছেন ইয়োন মরগান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগ পর্যন্ত তিনি ছিলেন ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক। তার বিদায় বলার পর অপেক্ষা ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন অধিনায়কের নাম ঘোষণার। খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। মরগানের অবসরের দুই দিনের মধ্যেই সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে জস বাটলারের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মরগানের অনুপস্থিতিতে অনেক ম্যাচেই ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন বাটলার। ফলে সাদা বলের অধিনায়ক হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত এই উইকেটকিপার ব্যাটারের কাঁধেই গেছে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব। নতুন অধিনায়ককে ইসিবি স্বাগত জানিয়েছে ‘বস’ উল্লেখ করে। ইংলিশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা তাদের অফিসিয়াল টুইটারে বাটলারের নেতৃত্ব পাওয়ার ঘোষণার লিখেছে, ‘জস, আমাদের বস।’

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১৫১ ওয়ানডে ও ৮৮ টি-টোয়েন্টি খেলেছেন বাটলার। আর ২০১৫ সাল থেকে মরগানের ডেপুটির দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ে ৯ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে বাটলারের। তবে এবার পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব সামলাতে যাচ্ছেন এই উইকেটকিপার।

বাটলারকে অধিনায়ক করার পর ইসিবির ব্যবস্থাপনা পরিচলাক রর কি বলেছেন, ‘সাদা বলের ক্রিকেটের সেটআপের সঙ্গে জস আছে এক দশকের বেশি সময়। আমি বিশ্বাস করি, এই অতিরিক্ত দায়িত্ববোধ তার খেলা অন্য পর্যায়ে নিয়ে যাবে।’

মরগানের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব পেয়ে গর্বিত বাটলার, ‘এই সময়টা (মরগানের অধীনে খেলা) সবার জন্য সবচেয়ে স্মরণীয় অধ্যায়। তিনি (মরগান) একজন অনুপ্রেরণাদায়ক নেতা এবং তার অধীনে খেলাটা ছিল দুর্দান্ত। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখন দলকে নেতৃত্ব দেওয়ার দিকে তাকিয়ে আছি।’