শ্রীলঙ্কার চলমান সঙ্কটেও থেমে থাকছে না ক্রিকেট। আগামী আগস্টের ১ তারিখ শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ আগস্ট হাম্বানটোটায়।
উদ্বোধনী দিনে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংস। তাদের প্রতিপক্ষ গল গ্ল্যাডিয়েটর্স। প্রথম ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোয়। তার পর প্রথম রাউন্ডের বাকি অংশ, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল হবে হাম্বানটোটায়। সর্বমোট ম্যাচ হবে ২৪টি।
গত মৌসুমের মতো এবারও প্রতিদ্বন্দ্বিতা করবে ৫টি দল- জাফনা কিংস, গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা জায়ান্টস, কলম্বো স্টার্স, ক্যান্ডি ফ্যালকনস। শেষ দুই আসর জিতেছে জাফনা কিংস আর রানার্স আপ হয়েছে গ্ল্যাডিয়েটর্স।
এবার অবশ্য লঙ্কান ক্রিকেটারদের ঠাসা সূচির মাঝ দিয়েই লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিতে হচ্ছে। অস্ট্রেলিয়া ও পাকিস্তান হোম সিরিজের পর পরই টুর্নামেন্টটি শুরু হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ জুলাই। তাছাড়া সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় হওয়ার কথা এশিয়া কাপও।