ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে পকেটে পুড়েছে বাংলাদেশ। এখন শনিবার শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার। এই সুযোগে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চাইছেন অধিনায়ক তামিম ইকবাল। যদিও প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কণ্ঠে উল্টো সুর। তার মতে, একাদশে বড় ধরনের পরিবর্তনের সুযোগ নেই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন চৌধুরী। অথচ ঢাকা প্রিমিয়ার লিগে ১ হাজারের বেশি রান করে দীর্ঘদিন পর জাতীয় দলে এনামুল সুযোগ পেয়েছিলেন। বিশেষ করে তিন নম্বরে সাকিব না থাকায় তার খেলার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু প্রথম দুই ম্যাচে দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে।
শান্তকে খেলানোর ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘বিজয় (এনামুল) অসাধারণ কাজ করেছে বলার অপেক্ষা রাখে না। ভালো করেই সে স্কোয়াডে ফিরেছে। তবে কোচ হিসেবে আমি স্বচ্ছ থাকতে চাই, স্কোয়াডে যারা এতদিন ছিল তারা আগে সুযোগ পাবে। যারা স্কোয়াডে আসবে তাদেরকে অপেক্ষা করতে হবে। যেমনটা রাব্বির সঙ্গে হয়েছে। অনেকটা সময় দলের সঙ্গে ঘোরাফেরা করেছে। যখনই সুযোগ হয়েছে তাকে আমরা খেলিয়েছি। যেহেতু সে (এনামুল) এখন স্কোয়াডে আছে। তাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। যারা আগে স্কোয়াডে ছিল তারা সুযোগ পাবে, এরপর এনামুলের সুযোগও আসবে।’
শান্ত শেষ দুই ম্যাচে ৩৭ ও ২০ রান করে করে দলের জয়ে অবদান রেখেছেন। ফলে তার তৃতীয়বার সুযোগ পাওয়াটা অনেকটাই নিশ্চিত। এছাড়া রান পেয়েছেন তামিম-লিটনও। এনামুলকে সুযোগ দিতে হলে তামিম কিংবা লিটনের যে কাউকে বসতে হতে পারে! অবশ্য তামিম জানিয়েছেন তিনি বসতে প্রস্তুত।
বুধবার ৩১তম সিরিজ জয়ের পর তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয় এখন সময় এসেছে বেঞ্চের শক্তি পরীক্ষা করার। সাধারণত যখন পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না। কিন্তু এখন এরকম একটা সিরিজে যখন ২-০ তে জিতে যান, তখন যারা খেলেনি বা দীর্ঘদিন ধরে যাদের নিয়ে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এর জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয়, তবু ঠিক আছে।’
তবে প্রধান কোচ বলেছেন পরিবর্তনের সুযোগ দেখেন না তিনি, ‘সিদ্ধান্তটা জটিল (বেঞ্চ পরীক্ষা হবে কিনা)। সত্যি বলতে, আমি বিজয়কে খেলতে দেখতে চাই। কিন্তু তাকে নিলে আরেকজন ডানহাতি ব্যাটসম্যান লাইনআপে চলে আসে। আমি অনুভব করছি, আমাদের প্রতিপক্ষের বোলিং লাইনআপ বিবেচনায় একজন বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন। এজন্য ব্যাটিং লাইনআপে খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখি না। সেই একমাত্র ব্যাটসম্যান যে কিনা এখনও পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেনি। কারণ সে ডানহাতি। আমি যতটা সম্ভব ব্যাটিং লাইনআপে বাঁহাতি ব্যাটসম্যানকে রাখার পক্ষে।’
শুধু ব্যাটিং লাইনআপে নয়, বোলিংয়েও খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখেন না এই কোচ, ‘উইকেট এবং কন্ডিশন বিবেচনায় আমরা বাড়তি একজন স্পিনার নিয়ে খেলছি। এ অবস্থায় বাড়তি পেসার নিয়ে খেলা কঠিন। তাদের জন্য এখানের উইকেটে কিছুই নেই। আপনি সব সময়ই চাইবেন দলের সবাই যেন ম্যাচ খেলার সুযোগ পায়। কিন্তু আপনাকে কন্ডিশন বিবেচনা করে আদর্শ কম্বিনেশন দাঁড় করাতে হবে। তাই শেষ ম্যাচে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই।’