ক্যারিবীয় ব্যাটিংয়ে ধস

পরিবর্তনটা মন্দ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। কাইল মায়ার্সকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে কেচি কার্টিকে। সুযোগ পেয়ে চাপের মধ্যে কার্যকরী ইনিংস খেললেন। তবে ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। তার বিদায়ের পর আউট হয়ে গেছেন রোভম্যান পাওয়েল। ফলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে আবারও নেমেছে ধস।

আজ (শনিবার) গায়ানায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ক্যারিবিয়ানরা। স্কোর ৪৪ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান।

প্রথম দুই ওয়ানডেতে সুযোগ হয়নি তাইজুল ইসলামের। শেষ ওয়ানডেতে একাদশে জায়গা পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই বাঁহাতি স্পিনার। চমৎকার বোলিংয়ে শুরুতেই চেপে ধরেছেন ক্যারিবিয়ান ব্যাটারদের।

আবারও ব্যাটিং ব্যর্থতায় মুখ লুকালো ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার। শুরুতেই এলোমেলো ক্যারিবিয়ানরা ওয়ানডে সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তাইজুল। এই স্পিনার বল হাতে তুলে নিয়েই পেয়ে যান উইকেট। নিজের প্রথম বলে ফেরান ব্রেন্ডন কিংকে। স্বাগতিক ওপেনারকে ক্লিন বোল্ড করে দেখান সাজঘরের পথ। ফেরার আগে কিং করেন মাত্র ৮ রান।

সঙ্গীকে হারিয়ে শাই হোপ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ক্রিজে টিকে থাকার। যদিও তার প্রতিরোধ ‍খুব বেশি সময় টিকেনি। তাইজুলের বলে উইকেটকিপার নুরুল হাসান সোহানের স্টাম্পিং হন মাত্র ২ রান করে।

ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবার আঘাত। এবার মোস্তাফিজুর রহমানের শিকার শামারাহ ব্রুকস। বাঁহাতি পেসারের বলে এলবিডব্লিউ হয়ে ৪ রান করে ফিরে যান ওয়ান ডাউনে নামা এই ব্যাটার।

সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই। এবার হোয়াইটওয়াশের পালা। সেই লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

সিরিজ নিশ্চিত হয়েছে বলে একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস মিলেছিল। যদিও দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ মাত্র একটি পরিবর্তন এনেছে একাদশে। পেসার শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের একাদশেও একটি পরিবর্তন। কাইল মায়ার্সের জায়গায় এসেছেন কেচি কার্টি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, শামরাহ ব্রুকস, ব্রেন্ডন কিং, কেচি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, আকিল হোসেইন।