তবে ফল যাই হোক আগে থেকেই শেষ চারে প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকেই চায় বাংলাদেশ। রবিবার সকালে অনুশীলন শেষে উইকেটকিপার কাম ব্যাটসম্যান জাকির হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে পেলে খুশি হবো। ওদেরকে আমরা কিছুদিন আগে ৩ ম্যাচে হারিয়েছি; শক্তিতে এগিয়ে আছি। তাই ওয়েস্ট ইন্ডিজকে পেলে বেশি খুশি হবো।’
রানে ফিরে ভীষণ স্বস্তিতে যুব দলের এই ব্যাটসম্যান। নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৭৫ রান এসেছে তার ব্যাট থেকে। রানে ফেরার কারণ বলতে গিয়ে তিনি বলেন, ‘ম্যাচের আগে ৬-৭ দিন ধরে নেটে আমি খুব ভালো ব্যাটিং করেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ভালো খেলেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কিছুটা অবদান রাখতে পেরেছিলাম। আত্মবিশ্বাস তাই কিছুটা ফেরত পেয়েছিলাম। মনে হচ্ছিল আমি পারবো।’
নিজের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, ‘আমি সবসময় এভাবেই খেলি। গিয়েই শট খেলতে পারি না। আগে সেট হই, সময় নিয়ে খেলি। এই মুহূর্তে টি-টোয়েন্টি, আইপিএল, বিপিএল নিয়ে ভাবছি না। এই পর্যায়ে আছি, এটা নিয়েই ভাবছি। খেলতে খেলতে আরও শট আসবে হাতে। তবে আরও অনুশীলন করতে হবে, আরও উন্নতি করতে হবে।’
কোয়ার্টার ফাইনালে অধিনায়ক মিরাজের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েই নেপালকে উড়িয়ে দিতে সক্ষম হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। গত ম্যাচে নিজেদের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি উইকেটে যাওয়ার পর চিন্তা করেছি, আমাকে শেষ পর্যন্ত খেলতে হবে। তখন আমাদের পরিকল্পনা ছিল কমপক্ষে দেড়শ রান পর্যন্ত করবো। তারপর পরিস্থিতি বুঝে এগোবো। মাঠ অনেক বড় ছিল, প্রতি ওভারেই চার-পাঁচ রান করে আসছিল। বড় শট খেলার দরকারই ছিল না।’
/আরআই/এফআইআর/