আগেই সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার। মঙ্গলবার হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে ভারতকে কঠিন সময় উপহার দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ১১৫ রানের ইনিংসে উপর দাঁড়িয়ে জয়ের সুবাস পেলেও শেষ পর্যন্ত হোয়াইটওয়াশই হতে হয়েছে স্বাগতিকদের। জয়ের কাছে গিয়েও এই হার নিশ্চিত ভাবেই বহুদিন কষ্ট দেবে সিকান্দার রাজাকে!
২৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও ম্যাচে ফিরতে সময় নেয়নি স্বাগতিকরা। শন উইলিয়ামসনের ৪৫ রানের পর সিকান্দার রাজার ৯৫ বলে ১১৫ রানের ইনিংসে জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ দিকে আবেশ খান ও শার্দুল ঠাকুরের বিধ্বংসী বোলিংয়ে তীরে এসে তরি ডোবে স্বাগতিকদের। জয়ের জন্য শেষ ১৩ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৭ রানে, হাতে ৩ উইকেট! উইকেটে তখনো সেঞ্চুরিয়ান সিকান্দার রাজা আর মারমুখী ব্যাটিং করা ব্রাড ইভান্স।
কিন্তু ইভান্স আউট হতেই ছন্দপতন ঘটে দলটির। মাত্র ৭ রানের শেষ তিন উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে ২৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে ১৩ রানের হাতে ভারতের কাছে হোয়াটওয়াশ হতে হলো চাকবার দলকে। এমন দুর্দান্ত একটি ইনিংস খেলার পর নিশ্চিতভাবেই হতাশায় পড়তে পারেন রাজা। ইভান্স ২৮ রান করেন।
ভারতের বোলারদের মধ্যে আবেশ খান ৩টি এবং শার্দুল ঠাকুর ও দ্বীপক চাহার দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুভমান গিলের সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান করে ভারত। ৯৭ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৩০ রানের ইনিংস খেলেন শুভমান। এছাড়া শিখর ধাওয়ান ৪০ এবং লোকেশ রাহুল খেলেন ৩০ রানের ইনিংস।
জিম্বাবুয়ে বোলারদের মধ্যে ব্রাড ইভান্স একাই নেন ৫ উইকেট। একটি করে উইকেট নেন ভিক্টর এনইউচি এবং লুক জংউই।