এশিয়া কাপের আগে চোটের তালিকা বড় হচ্ছে পাকিস্তানের। ছিটকে গেছেন মূল পেসার শাহীন আফ্রিদি। শুক্রবার ছিটকে গেলেন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও। এই অবস্থায় নতুন করে বিকল্প খুঁজতে হয়েছে তাদের। ২৮ আগস্ট ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে হাসান আলীকে বদলি হিসেবে দলভুক্ত করা হয়েছে। যা আবার ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি সাপেক্ষে চূড়ান্ত হবে।
বুধবার অনুশীলনে চোট পান ওয়াসিম। তার পর এমআরআই করা হলে সাইড স্ট্রেইন ধরা পড়ে তার। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘পরীক্ষার ফল নিয়ে পিসিবির মেডিক্যাল উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। চাওয়া হয়েছে বিশেষজ্ঞ মতামতও।’
এই অবস্থায় ওয়াসিমকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে মেডিক্যাল টিম। তার পর ইংল্যান্ড সফরের আগে তার ফেরার বিষয়টি পুনরায় ভেবে দেখা হবে।
অপর দিকে বদলি হিসেবে হাসান আলীর নাম ঘোষণার পর দ্রুতই এই পেসার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবেন। এতদিন তিনি ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে তিন সপ্তাহ ধরে বোলিং নিয়ে কাজ করছিলেন।
পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।