আধাঘণ্টার ওপরে প্রেস কনফারেন্স। তারও আগে কয়েক দফা সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া। প্রত্যেকবারই সাকিব আল হাসানের মুখে একটি কথাই ঘুরেফিরে এসেছে- টি-টোয়েন্টি বিশ্বকাপ। সামনে এশিয়া কাপ, অথচ অস্ট্রেলিয়ায় হতে যাওয়া কুড়ি ওভারের বিশ্ব আসরে তার চোখ। আসলে শুধু বাংলাদেশ নয়, এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্রস্তুতি’ সারতে চাইছে অংশ নেওয়া সব দলই।
অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই এবারের এশিয়া কাপও কুড়ি ওভারের ফরম্যাটে। একটা প্রতিযোগিতা জেতার পরিপূর্ণ ইচ্ছাশক্তি সব দলেরই আছে, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই বলে কথা; তবে তার আড়ালে মাসখানেক পরের বিশ্বকাপও থাকছে মননে। অর্থাৎ, এশিয়া কাপের মঞ্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপের আঁচ পাওয়া যাচ্ছে। যার শুরুটা হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে।
আজ (বুধবার) রাতে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে এশিয়া কাপের ১৫তম আসরের। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীদের এশিয়া কাপ শুরু হচ্ছে একটু দেরিতে। ৩০ আগস্ট, মঙ্গলবার আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার মাঠে নামবে সাকিবরা।
তার আগেই অবশ্য ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ মঞ্চায়িত হবে। লম্বা সময় পর আবারও দেখা মিলছে ভারত-পাকিস্তান দ্বৈরথের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামীকাল (রবিবার) দুবাইয়ে দেখা হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। ‘এ’ গ্রুপে থাকা দল দুটির অন্য প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা হংকং।
এবারের এশিয়া কাপ অন্য ফরম্যাটে হতে যাচ্ছে। প্রথমে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয় দল। সেখানে শীর্ষ হওয়া দুই গ্রুপের দুটি করে দল নিয়ে হবে সুপার ফোর। এই পর্বে প্রত্যেকে একে অন্যের মুখোমুখি হবে এবং শীর্ষে থাকবে যে দুটি দল, তারাই ১১ সেপ্টেম্বর দুবাইয়ের ফাইনালে লড়বে।
এশিয়া কাপের প্রতিটি ম্যাচ দিবারাত্রির। বাংলাদেশ সময় রাত ৮টা শুরু হবে ম্যাচগুলো।