আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি ওভারের বিশ্ব আসর দিয়ে সৌম্য সরকারকে ফেরানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। ওই সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে সৌম্যকে নিয়ে বিস্তর আলোচনায় হচ্ছে। সাম্প্রতিক সময়ে সুযোগ পাওয়া ওপেনাররা নিয়মিত ব্যর্থ। মূলত এই কারণেই বাঁহাতি এই বিস্ফোরক ব্যাটারের কাছেই সম্ভবত ফিরতে চাইছেন নির্বাচকরা। সৌম্য জাতীয় দলের জার্সিতে সর্বশেষ কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। অনেকের মতে, টি-টোয়েন্টির ওপেনিংয়ে সৌম্য-লিটন সেরা ‘অপশন’। ফলে এই জুটিকে দেখা যেতে পারে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে।
আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হাবিবুল। সেখানেই সৌম্য প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা অনেককে নিয়ে ভাবছি, শুধু একজনকে নিয়ে ভাবছি না। শর্টলিস্টে বেশ কিছু ওপেনার আছেন, তারা আগে ওপেন করেছেন, এখনও করছেন। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট, আমরা সিদ্ধান্তটা একটু ভেবেচিন্তেই নিতে চাই। কারণ ওই একটা পজিশনে আমরা কাউকে স্থায়ী করতে পারছি না, টি-টোয়েন্টি সংস্করণে। আমরা বেশি পরিবর্তন করতে চাই-ও না। কারণ বিশ্বকাপে সাফল্য অনেকখানি ওপেনারদের সাফল্যের ওপর নির্ভর করছে। তাই সিদ্ধান্তটা বেশ ভেবেচিন্তে নিতে চাই।’
জিম্বাবুয়ে সিরিজের পর এশিয়া কাপ ভালো কাটেনি মোস্তাফিজুর রহমানের। দেশের বাইরে গেলেই এই পেসার ব্যাটারদের সামনে আত্মসমর্পণ করেন! সামনেই ত্রিদেশীয় সিরিজ, তারপর বিশ্বকাপ। বাইরের কন্ডিশনে ‘আসল’ মোস্তাফিজকে কি পাওয়া সম্ভব?
হাবিবুল কিন্তু মোস্তাফিজের ওপর আস্থা রাখছেন, ‘মোস্তাফিজ আমাদের সিনিয়র খেলোয়াড়, পরীক্ষিত খেলোয়াড়। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বাইরে আমরা যতটুকু চাই, সেটা হয়তো হচ্ছে না। কিন্তু আমি মনে করি, ও সেরাটা এখনও দিতে পারে। সেরাটা দেওয়া এখনও বাকি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এইরকম একজন অভিজ্ঞ খেলোয়াড় খুব দরকার। বিশেষ করে, টি-টোয়েন্টি ফরম্যাটে।’