প্লেট কাপের ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট কাপের ফাইনালে উঠেছে আফগানিস্তান। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে নবম স্থানের প্লে-অফ সেমিফাইনালে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে পরাজিত করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। 
এর আগে সোমবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্লেট কাপের ফাইনাল নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে। ১২ ফেব্রুয়ারি প্লেট কাপের ফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। 

মঙ্গলাবার প্লেটের সেমিতে টস জিতে আগে ব্যাটিং করে ১৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। নবম স্থানের জন্য ৪৪.৫ ওভার খেলা এ ম্যাচে কিউই যুবাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন আনিকেত পারিখ। এছাড়া ২৫ রান আসে জস ক্লার্কসনের ব্যাট থেকে। আর ২৩ রান করেন নাথান স্মিথ। 

আফগান যুবাদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শামসুর রাহমান ও রাশিদ খান। আর দুটি করে উইকেট পান জিয়াউর রেহমান ও তারিক। 

১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার করিম জানাত ১৩ রান করে বিদায় নেন। আরেক ওপেনার ও দলপতি ইহসানুল্লাহ ৫৭ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৪৭ রান করে ফেরেন। বাকিটা পথ পাড়ি দেন তারিক ও মালাকজাই। তারিকের ব্যাট থেকে আসে অপরাজিত ৫০ রান আর মালাকজাই করেন অপরাজিত ১৫ রান। ২৭.৩ ওভার ব্যাট করে মাত্র দুটি উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় আফগানিস্তানের যুবারা।

/এমআর/