টি-টেন লিগ

৪ জন দল পেলেও অবিক্রীত থাকলেন তামিম, মাহমুদউল্লাহ, আফিফ

টেন টিন লিগে এবার বাংলাদেশি বেশ কয়েকজনকেই খেলতে দেখা যাবে। সোমবারের ড্রাফট শেষে দেখা গেলো সাকিব আল হাসান ছাড়াও দশ ওভারের লিগে দেশের আরও চার ক্রিকেটারের নাম উঠেছে।

সাকিবের মতো টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানকেও দলে নিয়েছে বাংলা টাইগার্স। তিনি ‘সি’ ক্যাটাগরি থেকে দলভুক্ত হয়েছেন। একই দলে ইমার্জিং ক্যাটাগরি থেকে যুক্ত হয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

দল পাওয়া আরও দুই বাংলাদেশি ক্রিকেটার হলেন, পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাসকিনকে দলে নিয়েছে ডেকান গ্ল্যাডিয়েটর্স। আর মোস্তাফিজ খেলবেন টিম আবুধাবিতে।

বাংলা টাইগার্সে সাকিব আল হাসান আগেই আইকন ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন। পাশাপাশি দলটার অধিনায়কও তিনি।

এদিকে ড্রাফটে নাম থাকলেও অবিক্রীত থেকেছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও আফিফ হোসেন ধ্রুব। সম্প্রতি ফর্মে থাকা আফিফের দল না পাওয়াটা বিস্ময়করই।

আবুধাবিতে টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী নভেম্বরে। ষষ্ঠ আসর শুরু হবে ২৩ নভেম্বর। ছয় দলের টুর্নামেন্টটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।