পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সিলেটে প্রচুর বৃষ্টি হয়েছিল। তার মধ্যে নিগার সুলতানাদের টস হেরে ব্যাটিংও করতে হয়েছে। সবকিছু মিলিয়ে ব্যাটারদের জন্য কঠিন ছিল কন্ডিশন। সিলেটে এমনিতেই স্লো ও টার্নিং উইকেট। তার মধ্যে বৃষ্টির কারণে কিছুটা ভেজা ছিল। ফলে পাকিস্তানের বোলাররা পুরো সুবিধা আদায় করে নিতে পেরেছে। বৃহস্পতিবার নারী এশিয়া কাপে সিলেট স্টেডিয়ামের এক নম্বর মাঠে খেলবে স্বাগতিক দল। নতুন উইকেটের পাশাপাশি দিনের দ্বিতীয় ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। সবমিলিয়ে তাই ভালো উইকেটের প্রত্যাশা করছে বাংলাদেশ শিবির।
কাল থেকে মাঠ বদলে যাচ্ছে, বদলে গেছে কিউরেটরও। তাই বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা নতুন শুরুর পথে ভালো উইকেট প্রত্যাশা করছেন, ‘সকালে যখন খেলি, বৃষ্টি ও কুয়াশা থাকে। মাঠে ফিল্ড আরও একটু গ্রাসি থাকে। সেক্ষেত্রে লাঞ্চের পর যখন আমরা খেলবো, উইকেট আলাদা থাকবে, রোদ থাকবে। আশা করা যায়, তখন উইকেট একটু ফ্ল্যাট হবে।’
পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স করলেও বাংলাদেশ মনবল ধরে রেখেছে। সানজিদা সিনিয়র আপুদের কথার বরাত দিয়ে বলেছেন, ‘অবশ্যই আমাদের সিনিয়র আপুরা অনেক ইতিবাচক। তারা সবসময় আমাদের জুনিয়রদের সমর্থন দেন। আমি দলের মধ্যে জুনিয়র। সিনিয়ররা সবসময় বলেন হার-জিত থাকবেই, এটা নিয়ে কোনও নেতিবাচক ভাবনা ভাবা যাবে না। আমরা ইতিবাচক আছি, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো।’
মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। দুই ম্যাচেই লাল-সবুজ জার্সিধারীরা বড় ব্যবধানে জিতেছে। বুধবারের ম্যাচেও বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে মরিয়া, ‘আসলে প্রতিপক্ষ ছোট বা বড় করে দেখার উপায় নেই। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই জেতার জন্য এসেছে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষ যেই হোক ভালো করা। মালেশিয়ার সঙ্গে কমনওয়েলথে মুখোমুখি হয়েছি। ওদের দল নিয়ে ধারণা আছে। ইনশাআল্লাহ ভালো হবে।’
তরুণ বাঁহাতি স্পিনার সানজিদা দলের অপরিহার্য স্পিনার হয়ে উঠছেন। সম্প্রতি বল হাতে দারুণ ছন্দেও আছেন। তবে পাকিস্তানের বিপক্ষে দলের অন্য সবার মতো তার পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। বুধবার এই তরুণ জানালেন নিজের লক্ষ্যের কথা, ‘আমি গত ম্যাচে দলের চাওয়া অনুযায়ী পারফর্ম করতে পারিনি। টার্গেট থাকবে পরের ম্যাচে যেন নিজেকে উজাড় করে ধরতে পারি। আমি বেসিক পরিকল্পনা অনুযায়ী বল করবো। দল-প্রতিপক্ষ যেই হোক, যদি বেসিক প্ল্যানে বল করি, প্রতিপক্ষকে কঠিন সময় দিতে পারবো।’