হাসান মাহমুদের জোড়া আঘাত

ভাঙাই যাচ্ছিল না পাকিস্তানের ওপেনিং জুটি। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ঝরছিল রানের বৃষ্টি। অবশেষে তাদের জুটি ভাঙলেন হাসান মাহমুদ। শুধু বাবরকে ফেরালেন না, একই ওভারে প্যাভিলিয়নের পথ দেখালেন ওয়ান ডাউনে নামা হায়দার আলীকেও।

আজ (বৃহস্পতিবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৭৩ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের স্কোর ১৫ ওভারে ২ উইকেটে ১২৯ রান।

টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে নতুন ধারা যোগ করেছেন বাবর-রিজওয়ান। উইকেট ধরে রেখে রান বাড়িয়ে নেওয়ার কাজটা প্রায় ম্যাচেই করে যাচ্ছেন তারা। বাংলাদেশ ম্যাচেও ব্যতিক্রম হলো না। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই তারা এনে দেন ১০০ ছাড়ানো স্কোর। হাসান মাহমুদের বলে যখন বাবর আউট হলেন, পাকিস্তানের রান তখন ১০১।

বদলি ফিল্ডার মোসাদ্দেক হোসেনের হাতে ধরা পড়ার আগে অবশ্য পাকিস্তান অধিনায়ক তুলে নেন হাফসেঞ্চুরি। ৪০ বলে ৯ বাউন্ডারিতে খেলেন ৫৫ রানের ইনিংস।

তাতে উজ্জ্বীবিত বাংলাদেশ ২ বল পর আবারও উইকেট উদযাপন করে। সেই হাসান মাহমুদই এনে দেন দ্বিতীয় উইকেট। ওয়ান ডাউনে নামা হায়দারকে রানের খাতাই খুলতে দেননি বাংলাদেশি পেসার। ক্লিন বোল্ড করে তাকে প্যাভিলিয়নের পথ দেখান।