সাঙ্গাকারা-মালিঙ্গার কথায় অনুপ্রাণিত শ্রীলঙ্কা

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। এর আগে চারবার নারী এশিয়া কাপের ফাইনাল খেললেও ১৪ বছর পর পঞ্চমবারের মতো ফাইনালে চামারি আতাপাত্তুর দল। পাকিস্তানকে হারানোর পর লঙ্কান সাবেক দুই ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা ও লাসিথ মালিঙ্গা সামাজিক মাধ্যমে নারী দলকে ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছেন। দেশের দুই মহাতারকার শুভকামনায় আপ্লুত লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু।

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই বাড়তি আবেগ প্রকাশ পায় লঙ্কান অধিনায়কের কথায়। বলেছেন, ‘লাসিথ মালিঙ্গা এবং কুমার সাঙ্গাকারা সামাজিক মাধ্যমে আমাদের সম্পর্কে কথা বলছেন। আমাদের জন্য এটা প্রেরণাদায়ক। তারা আমাদের শুভকামনা জানিয়েছেন। ক্রিকেটার হিসেবে আমরা আমাদের পরিকল্পনার সঙ্গে লেগে থাকতে চাই। মাঠে যাবো, ক্রিকেকটা উপভোগ করবো। কোনও চাপ নিতে চাই না।’

এশিয়া কাপের আগে খুব একটা ভালো অবস্থানে ছিল না শ্রীলঙ্কা পুরুষ দল। তারাই কিনা পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ট্রফি জিতেছে। লঙ্কান নারীদের এগিয়ে আসার পথ অনেকটা তেমনই। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পাওয়া দলটির বাধা কেবল ভারত। চামারিদের এখন পুরুষদের এশিয়া কাপ জয়ও উজ্জীবিত করছে, ‘আমাদের পুরুষ এবং মহিলা উভয় দলই গত দুই বছরে ভালো করছিল না। পুরুষ দলের এশিয়া কাপ জেতাটা ক্রিকেট-জাতি হিসেবে আমাদের জন্য দারুণ ছিল। দেশও এই মুহূর্তে সমস্যায় আছে, এই অর্জন আমাদের আনন্দিত করেছে। আমরাও আগামীতে শ্রীলঙ্কানদের মুখে হাসি ফোটাতে চাই।’

শ্রীলঙ্কার মেয়েরা ফাইনাল খেলতে যাচ্ছে ১৪ বছর পর। এখন শক্তিশালী ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে চামারি আতাপাত্তুরা, ‘১৪ বছর পর আমরা ফাইনাল খেলছি। ভারত নিঃসন্দেহে ফেভারিট দল। তারা গত তিন-চার সপ্তাহ ধরে, বিশেষ করে ইংল্যান্ডে ভালো খেলে এসেছে। আমরাও ভালো ক্রিকেট খেলতে চাই। আমি সবসময় ইতিবাচক খেলার চেষ্টা করি। এটা আমার গেমপ্ল্যান। আমার দলকেও একই কথা বলি, ইতিবাচক খেলতে।’

ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে কোনও প্রতিরোধই গড়তে পারেনি শ্রীলঙ্কা। ভারতের করা ১৫০ রানের জবাবে লঙ্কানরা ১০৯ রানে অলআউট হয়েছে। আগের ম্যাচের কথা মনে করিয়ে দিতেই চামারির উত্তর, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি বলে ম্যাচটি জিততে পারিনি। আমরা সবাই সতেজ আছি, ভারতের বিপক্ষে এটি আমাদের আরও একটি সুযোগ। আমরা নিজেদের পরিকল্পনায় অটল থাকবো, খেলোয়াড়রা চাপমুক্ত হয়ে খেলবে।’

চামারি আরও যোগ করে বলেছেন, ‘ভারত টুর্নামেন্টের ফেভারিট দল। তাদের ভালো খেলোয়াড় আছে। তবে একজন অধিনায়ক হিসেবে আমি ফাইনালের জন্য কোনও চাপ অনুভব করতে চাই না। যারা নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলে কম ভুল করবে, তারাই জিতবে।’

পাকিস্তানকে হারানোর পর ড্রেসিংরুমের সামনে লঙ্কান ক্রিকেটারদের আনন্দ-নৃত্য ভাইরাল হয়েছে খুব। প্রসঙ্গ ‍উঠতেই লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘ওরা নাচ করেছিল। শেষ ২-৩ দিন ধরে এই নাচ অনুশীলন করেছে। আমি সত্যিই খুশি যে আমরা ম্যাচটি জিতেছি।’