অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি একদিনের ম্যাচ খেলেছিল জুনিয়র টাইগাররা। সবগুলো ম্যাচেই জিতেছিল স্বাগতিক বাংলাদেশ। ওই সিরিজে মিরাজ-সঞ্জিত-সাঈদ-শাওন গাজীদের স্পিন ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ। যদিও বর্তমান দলে নেই সঞ্জিত সাহা; এরপরও কোনও অংশে কম শক্তিশালী নয় বাংলাদেশের স্পিন আক্রমণ। ৩ ম্যাচে বাংলাদেশের স্পিনারা নিয়েছেন ২১টি উইকেট।
বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার ২২ গজের লড়াইয়ে মাঠে নামবে ক্যারিবিয়ানরা। এই ম্যাচেও স্বভাবতই তাদের স্পিন বিষে ঘায়েল করতে চাইবে জুনিয়র টাইগররা। তবে বাংলাদেশের স্পিন আক্রমণকে মোকাবেলা করতে প্রস্তুত উইন্ডিজ যুবারাও।
বুধবার অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শিমরন হেডমেয়ার। তিনি বলেন, 'যতটুকু সম্ভব আমরা অনুশীলনে স্পিন খেলার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য ভালো। বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত।'
নিজেদের মাঠে এদিন গ্যালারিতে বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে গলা ফাটবে দর্শকেরা। তবে এটাকে চাপ হিসেবে নিতে চান না শিমরন হেডমেয়ার। বরং চাপ জয় করে চ্যালেঞ্জ মানছেন তিনি। শিমরন বলেন, 'আমাদের দলের বেশিরভাগ ক্রিকেটার এতো দর্শকের সামনে কখনও খেলেনি। তবে সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কোচের মতো আমাকেও বলতে হচ্ছে, যখন দর্শকরা আমাদের উৎসাহ যোগাবে না; তখন আমরা খুব বেশি স্বস্তিতে থাকবো না এটাই স্বাভাবিক! তবে বিষয়টিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
বাংলাদেশকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ক্যারিবিয়ান এই অধিনায়ক। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা পারব। দলের সবাই তাদের মূল কাজটা ঠিকভাবে করতে পারলে আমাদের জেতার ভালো একটি সুযোগ আছে।’
/আরআই/এমআর/