শাহীনের গতিময় ইয়র্কারে হাসপাতালে আফগান ব্যাটার (ভিডিও)

পাকিস্তানের পেস আক্রমণের মূল অস্ত্র শাহীন আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টে এই পেসারের গতি কতটা প্রভাব রাখতে পারে, তার ঝলক দেখা গেলো প্রস্তুতি ম্যাচে। বুধবার আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে গতির ঝড় তুলেছেন। শুধু কি তাই? গতিময় ‘টো ক্রাশিং’ ইয়র্কারে আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে তো হাসপাতালেই পাঠিয়েছেন।

প্রথম ওভারের পঞ্চম বলে শাহীনের ইয়র্কার আঘাত হানে গুরবাজের বাম পায়ে। ভয়ানক সেই ডেলিভারিতে গুরবাজ যেমন এলবিডাব্লিউতে আউট হয়েছেন। একই সময় আবার ভীষণ যন্ত্রণায় মাঠেই কাতরেছেন। অবশ্য ওই সময় আফগানরা গুরবাজের শারীরিক অবস্থা নিয়েই চিন্তিত ছিল বেশি। যন্ত্রণার মাত্রা বেশি থাকায় গুরবাজকে মাঠে সেবা দেন ফিজিও। পরে হাঁটতে পারছিলেন না বলে একজনের পিঠে চড়ে মাঠ ছেড়েছেন। জানা গেছে, গুরবাজের অবস্থা ভালো না হওয়ায় হাসপাতালে স্ক্যান করতে নেওয়া হয়েছে।

শাহীন চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের খেলায় নেই। তার ফেরার সম্ভাবনা দেখা দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে কতটুকু প্রভাব রাখতে পারবেন এ নিয়ে এক প্রকার সংশয়ও ছিল। গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুই ওভার বল করেও কোনও উইকেট পাননি। কিন্তু বুধবার দুটি উইকেট নিয়ে পাকিস্তানের দারুণ শুরু এনে দিতে অবদান রেখেছেন। গুরবাজ ছাড়াও উইকেট নেন বিপজ্জনক হযরতউল্লাহ জাজাইর। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৯ রান দিয়ে দুই উইকেট নিয়ে সন্তুষ্ট থেকেছেন শাহীন।