গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে ভারত, প্রতিপক্ষ ইংল্যান্ড

জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠলো শিরোপা প্রত্যাশী ভারত। জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রোহিত শর্মার দল। সেমিতে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গ্রুপ ‘এ’ এর রানারআপ ইংল্যান্ডকে। আগামী ৯ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে তারা। প্রথমটি অনুষ্ঠিত হবে সিডনিতে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। একই সময়ে দুটি ম্যাচ মাঠে গড়াবে।

রবিবার মেলবোর্নে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতে রোহিত শর্মাকে (১৫) হারালেও সমস্যায় পড়তে হয়নি ভারতকে। লোকেশ রাহুল ও বিরাট কোহলির ৪৮ বলে ৬০ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে উঠে ভারত। ১২তম ওভারে কোহলিকে (২৬) ফিরিয়ে দারুণ ব্রেকথ্রু আনেন শেন উইলিয়ামস। নিজের পরের ওভারে ঋষভ পান্তকেও আউট করেন তিনি।

এরই মাঝে ৩৪ বলে হাফ সেঞ্চুরি করার পরের বলে ৫১ রানে বিদায় নেন রাহুল। এই ওপেনার ফিরে যেতেই কঠিন পরিস্থিতির মুখে পড়ে ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। মাত্র ২৫ বলে ৬১ রানের ইনিংস খেলে দলীয় স্কোরকে নিয়ে যান ৫ উইকেটে ১৮৬ রানে। ৬ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজান সূর্য। 

১৮৭ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে রবিচন্দন অশ্বিন, মোহাম্মদ সামি ও হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে ১৭.২ ওভারে ১১৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৩৬ রানে ৫ উইকেট হারানোর পর রায়ান বার্ল ও সিকান্দার রাজা মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩৫ বলে ৬৫ রানের জুটির পর বার্লকে ক্লিন বোল্ড করেন অশ্বিন। ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন বার্ল। ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলা সিকান্দার রাজা চেষ্টা করেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। শেষ পর্যন্ত ১১৫ রানে অলআউট হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়।