টার্গেট ৩০০-৩৫০ হলে চিত্রটা ভিন্ন হতো: লিটন

শেষ ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছে ভারতের ব্যাটাররা। ইশান কিশানের ডাবল সেঞ্চুরি (২১০) ও বিরাট কোহলির সেঞ্চুরিতে (১১৩), ৪০৯ রানের পাহাড় গড়ে ভারত। চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে ভারতীয় ব্যাটাররা রানের বন্যা বইয়ে দিলেও বাংলাদেশের ব্যাটাররা পারেনি। ১৬ ওভার আগেই ১৮২ রানে অলআউট হয় স্বাগতিকরা।

অধিনায়ক লিটনের দাবি বড় স্কোর তাড়া করার পরিকল্পনাতেই এমন ব্যাটিং বিপর্যয়। লক্ষ্য ৩০০ থেকে ৩৫০ হলে ফলাফলটা নিজেদের পক্ষে আসতো বলে দাবি লিটনের। ঢাকায় প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। শনিবার চট্টগ্রামে ছিল হোয়াইটওয়াশের মিশন। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে সেই স্বপ্ন অধরাই থেকে গেলো।

ব্যাটারদের ব্যর্থতার কারণ বলতে গিয়ে লিটন জানিয়েছেন, ‘আজ রানটা অনেক বেশি ছিল। আমরা ম্যাচ হারার জন্য ব্যাট করি নাই। চেষ্টা করেছি, যে যখন যাবে জেতার জন্য খেলবে। শিশিরের প্রভাব ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু দিনশেষে ম্যাচ জিততাম না (স্লো খেললে)। আক্রমণাত্মক ক্রিকেট দরকার ছিল সেটিরই চেষ্টা করেছি। ব্যর্থ হয়েছি। পরে এমন কোনও পরিস্থিতি এলে আক্রমণাত্মক ক্রিকেটই খেলবো।’

ভারতের ইনিংসের পরই বড় স্কোর তাড়া করার মিশন হিসেবে আগ্রাসী ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, ‘৪০০ হওয়ার পর টিম টক ছিল আগ্রাসী ক্রিকেট খেলবো। একইসঙ্গে উইকেটও রাখার চিন্তাভাবনা ছিল। তবে আক্রমণ করলে উইকেট চলেই যাবে। তবে আমরা যদি ২০ ওভারে ১ উইকেটে ১২০-১৩০ রান করতাম তাহলে ভিন্ন খেলা হতো। সে জিনিসটা আমরা করতে পারিনি। তবে পরবর্তীতে যদি আমরা এমন সুযোগ পাই যে ৩৭০-৩৮০ তাড়া করতে হবে তাহলে এরকম আক্রমণেই যাবো। তবে এটি নিশ্চিত করবো যেন দ্রুত উইকেট না হারাই।’