ভারতীয় দলে ইনজুরির মিছিল। ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতো আঙুলে চোট পাওয়া রোহিত চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন। পাশাপাশি মোহাম্মদ শামী ও রবীন্দ্র জাদেজা টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
রোহিতের বদলে টেস্ট দলে ডাকা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলেছিলেন তিনি। চট্টগ্রামে গত দুই দিন দলের সঙ্গে অনুশীলনও করেছেন এই ব্যাটার। শামি ও জাদেজার পরিবর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন নবদীপ সাইনি ও সৌরভ কুমার। এছাড়া দলের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটও।
চট্টগ্রাম টেস্টে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। টেস্টে রাহুলের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে চেতেশ্বর পূজারাকে। রোহিত ঢাকা টেস্টে ফিরলেও তার নেতৃত্বেই মাঠে নামবে ভারত।
আগামী বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়াতে দুটি ম্যাচই দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।