ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

এগারোতম যুব বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত তিনবার শিরোপা জিতলেও এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জেতা হয়নি ছোটদের এই বিশ্বকাপে। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটটি সকাল ৯টায় শুরু হবে। তবে এরই মধ্যে টস হয়ে গেছে।

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শিমরন হেটমেয়ার ভারতের অধিনায়ক ইশান কিষানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

যুব বিশ্বকাপের পারফরম্যান্সের দুই দলের মধ্যে পরিসংখ্যানে এগিয়ে ভারত। তারা এই টুর্নামেন্টে চারবার ফাইনাল খেলে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ মাত্র একবার ফাইনালে খেলেছে। সেবার অবশ্য পাকিস্তানের কাছে ২৫ রানে হেরে রানার্স আপ হয়।

২০০৪ সালে ফাইনাল খেলা ওয়েস্ট ইন্ডিজ এবারও আগের সর্বোচ্চ সাফল্য ছাড়িয়ে যাওয়ার স্বপ্নে বিভোর।

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামছে আজ রবিবার। টুর্নামেন্টটির পরবর্তী আসর অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে।

/আরআই/এসটি/