শফিকুল হক হীরার ‘কিপিং গ্লাভস’-এর মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন।নিজের আত্মজীবনী প্রকাশের জন্য ৭০তম জন্মদিনটাকেই বেছে নিলেন সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরা। সোমবার তার আত্মজীবনীমূলক বই কিপিং গ্লাভসের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৯৬৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেট জীবনে পা রাখা সাবেক অধিনায়ক ও সাবেক জাতীয় দলের ম্যানেজার শফিকুল হক হীরা ৭০ বছরে পা রেখেছেন আজকের দিনটিতেই।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আর জন্ম দিনের আনন্দ, সবকিছু এক সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। বইটি প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য ভবন। আর সৌজন্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
সোমবার মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পরিবারের সদস্য আর সাংবাদিকদের মাঝে ৭০তম জন্মদিন আর কেক কাটা একই সঙ্গে অনুষ্ঠিত হয়।

জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক উইকেটকিপার শফিকুল হক হীরার আত্মজীবনী নিয়ে ‘কিপিং গ্লাভস’ নামের বইটি লিখেছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল হক হীরা, বিসিবির সাবেক পরিচালক শাকিল কাসেম, বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, সাবেক পরিচালক ও সাবেক জাতীয় দলের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, রাসেদ চৌধুরী ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

প্রায় এক বছর আগে শামীর চৌধুরীর লেখনিতে শফিকুর হক হীরার ‘কিপিং গ্লাভস’ এর কাজ শুরু হয়। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতেই এক বছর আগের সেই সব স্মৃতিময় কথা উপস্থাপন করেন শামীম চৌধুরী। এরপর একে একে সব অতিথিই শফিউল হক হীরার ক্রিকেট অধিনায়কত্ব আর উইকেট রক্ষকের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন। সর্বশেষ জন্মদিনের কেক কেটে আর বই উন্মেচনের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান পর্ব।

/আরআই/এফআইআর/