ভারতের জয়ের পর পান্ডিয়ার আউট নিয়ে বিতর্ক (ভিডিও)

হায়দরাবাদে গতকাল ভারতের সিরিজের প্রথম ওয়ানডে জয়ের দিনে শুবমান গিলের দ্বিশতকই শুধু আলোচনায় ছিল না। হার্দিক পান্ডিয়াকে বিতর্কিতভাবে আউট দেওয়ার ঘটনাও ছায়া ফেলেছে তাতে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতীয় ইনিংসের ৪০তম ওভারে ব্যাট করছিলেন হার্দিক। ড্যারিল মিচেলের বলে ভারতের এই অলরাউন্ডার কাট করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাট না ছুঁয়েই জমা পড়ে কিপারের গ্লাভসে। ঠিক তার পরের মুহূর্তেই একটি বেলস পড়ে যায় স্টাম্পের। তখন কিপার টম ল্যাথাম বোল্ড আউটের আবেদন করলে টিভি আম্পায়ারের সহায়তার প্রয়োজন পড়ে। তৃতীয় আম্পায়ারের কাছে মনে হয়েছে, কিপারের কারণে বেলস পড়েনি। অর্থাৎ স্বাভাবিকভাবেই পান্ডিয়া মিচেলের বলে বোল্ড হয়েছেন। কিন্তু অনেকক্ষণ ধরে চলা রিভিউতে মনে হয়েছে সিদ্ধান্তটা বিতর্কিত। কারণ, বল জমা করার সময় স্টাম্পের খুব কাছেই ছিল ল্যাথামের গ্লাভস। তখন মনে হচ্ছিল তার গ্লাভসের স্পর্শের কারণেই বেলসটা পড়ে গেছে।    

দীর্ঘক্ষণ রিভিউ দেখে এটা আউট দেওয়ার পর শুধু পান্ডিয়াই অবাক হননি। সোশ্যাল মিডিয়াতেও তা তুমুল ঝড় তুলেছে। অনেকের কাছে মনে হয়েছে এটা পুরোপুরি নটআউট। সোশ্যাল মিডিয়ায় সরব হন হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচও। বিতর্কিত আউট নিয়ে তিনিও সেটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

পান্ডিয়ার আউটে ৪০ ওভার শেষে ২৫১ রানে ৫ উইকেট হারায় ভারতীয় দল। ভারতের এই অলরাউন্ডার ২৮ বলে ৩৮ রানে সাজঘরে ফিরে যান তখন। মূলত গিলের ১৪৯ বলে করা ২০৮ রানের ঝড়ো ইনিংসে ভারত ৮ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করে। তার ইনিংসে ছিল ১৯টি চার ও ৯টি ছয়ের মার। নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন হেনরি শিপলি ও ড্যারিল মিচেল।

তার পর তো নিউজিল্যান্ড জয়ের জন্য যথেষ্ট করলেও তাদের ৪৯.২ ওভারে ৩৩৭ রানে বেঁধে ফেলেছে ভারত। তাতে ১২ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। শেষটায় ৭৮ বলে ১২ চার ও ১০ ছক্কায় মাইকেল ব্রেসওয়েল ১৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। তার সঙ্গে মিচেল স্যান্টনারও ৪৫ বলে ৫৭ রানের ইনিংসে অবদান রেখেছেন। ভারতের হয়ে ৪৬ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন মোহাম্মদ সিরাজ।