আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বৃহস্পতিবার প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা তৌহিদ হৃদয়।
এদিন সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি ১৪ জনের দল ঘোষণা করেছে। জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইয়াসির আলী রাব্বি। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। তাইজুলও ফিরেছেন প্রথম ওয়ানডের দলে।
বিপিএলে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছেন হৃদয়। ইনজুরিতে পড়ার আগে টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন। কিন্তু ইনজুরিতে পড়ে সেই ছন্দ আর ফিরে পাননি। যেই ফ্লোতে ব্যাটিং করেছিলেন পরের ম্যাচগুলোতে সেটা ধরে রাখতে পারেননি। তারপরও তার দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ নির্বাচকরা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দলে তাকে বিবেচনা করেছেন।
প্রথম ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তৌহিদ হৃদয়, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।