নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখলেন ব্লান্ডেল

মাউন্ট মঙ্গানুইয়ে দিবা রাত্রির প্রথম টেস্টে ৩২৫ রানে প্রথম ইনিংস ঘোষণার পর কিউইদের চাপে রাখতে পেরেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনেও মনে হচ্ছিল এই টেস্টের নিয়ন্ত্রণ বোধহয় তাদেরই হাতে। কিন্তু উইকেটকিপার টম ব্লান্ডেলের অসাধারণ সেঞ্চুরিতে জমে উঠেছে এই টেস্ট। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩০৬ তুলেই অলআউট হয়েছে।

আগের দিন ৩৭ রানে ৩ উইকেট পড়ে গেলে এদিনও ছন্নছাড়া ব্যাটিংয়ে কিউইদের প্রতিরোধ ছিল দুর্বল। ৮৩ রানে পড়েছে ৫ উইকেট। প্রান্ত আগলে ছিলেন শুধু ওপেনার ডেভন কনওয়ে। ব্যক্তিগত ৭৭ রানে তার বিদায়ে পতন হয়েছে ষষ্ঠ উইকেটের। ১৮২ রানে সপ্তম উইকেট পড়লেও ইংলিশদের পুরোপুরি আধিপত্য বিস্তার করতে দেননি একজন। ব্লান্ডেল ১৩৮ রানের অসাধারণ ইনিংসে দলের স্কোর তিনশো পার করেছেন। তার আউট হতেই অবশ্য স্বাগতিকদের ইনিংস গুটিয়ে গেছে। তবে তার প্রতিরোধে এই টেস্টে লড়াই করার রসদ পেয়ে গেছে কিউই দল।

ইংলিশদের হয়ে ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন অলি রবিনসন। জেমস অ্যান্ডারসন ৩৬ রানে নিয়েছেন ৩টি।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারী ইংল্যান্ড। তারা এগিয়ে আছে ৯৮ রানে। ক্রিজে আছেন ওলি পোপ (১৪) ও স্টুয়ার্ট ব্রড (৬)। একটি করে উইকেট নিয়েছেন ব্লেয়ার টিকনার ও স্কট কুগলেইন।

সংক্ষিপ্ত স্কোর দ্বিতীয় দিন শেষে:

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫৮.২ ওভারে ৩২৫/৯ ডি. (ব্রুক ৮৯, বেন ডাকেট ৮৪, পোপ ৪২, ফোকস ৩৮; ওয়াগনার ৪/৮২, সাউদি ২/৭১)

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৮২.৫ ওভারে ৩০৬ (কনওয়ে ৭৭, ব্লান্ডেল ১৩৮;  রবিনসন ৪/৫৪, অ্যান্ডারসন ৩/৩৬)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৭৯/২ (ক্রলি ২৮, ডাকেট ২৫, পোপ ১৪*; কুগলেইন ১/২)