ঢাকা প্রিমিয়ার লিগে গাজী টায়ার্স ও পারটেক্স স্পোর্টিং ক্লাব

প্রথম বিভাগ ক্রিকেট লিগের শীর্ষ দুই দল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলার সুযোগ পাবে। সোমবার (২০ ফেব্রুয়ারি) প্রথম বিভাগের শেষ ম্যাচে ওল্ডডিওএইচকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই ঢাকা লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে গাজী টায়ার্স। অপরদিকে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে পারটেক্স স্পোটিং ক্লাব দ্বিতীয় দল হিসেবে ঢাকা লিগে নাম লিখিয়েছে।

সোমবার প্রথম বিভাগ ক্রিকেটে সুপার লিগে গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। লিগের শুরু থেকেই গাজী টায়ার্স ছিল  অপ্রতিরোধ্য। ধারাবাহিক জয়ে ঢাকা প্রিমিয়ার লিগ আগে থেকেই ছিল নিশ্চিত। তারপরও নিজেদের শেষ ম্যাচটি জিতে উৎসবটা আরও রঙিন করেছেন ক্রিকেটাররা। সোমবার বিকেএসপিতে অনুষ্ঠিত ওল্ডডিওএইচকে ৪ উইকেটে হারিয়েছে গাজী টায়ার্স। ১৬ ম্যাচে ১৪ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

এদিকে নিজেদের শেষ ম্যাচ জিতে রানার্সআপ হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগে খেলতে পারটেক্সকে শেষ ম্যাচ জিততেই হতো। ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে পারটেক্স দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে উঠেছে। ১৬ ম্যাচে ১১ জয়ে ২২ পয়েন্ট পারটেক্সের।