হাথুরুসিংহের সামনে দুই দল ভাগ হয়ে মিরপুরে অনুষ্ঠিত হয়ে গেলো ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচে রান পেলেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুই ক্রিকেটার আউট হতেই তাদের দুই জনকে ইনডোরে ব্যাটিংয়ে পাঠিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবশ্য শুধু তাদেরই নয়, যারাই ব্যর্থ হয়েছে তাদের ইনডোরে ব্যাটিংয়ে পাঠানো হয়। তামিম-মুশফিকের ব্যর্থ হওয়ার দিনে আলো ছড়িয়েছেন ইয়াসির আলী রাব্বি। তার ব্যাট থেকে আসে ৬১ রানের ঝকঝকে ইনিংস। তাকে দলে ফেরানো নিয়ে আলোচনা হচ্ছিল। হাফসেঞ্চুরি তুলে নিশ্চিতভাবেই হাথুরুসিংহের গুডবুকে চলে এসেছেন ইয়াসির।
বিসিবি নীল ও বিসিবি সবুজ দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। ইয়াসিরের হাফসেঞ্চুরিতে নীল দল ৪২.৪ ওভারে ২০৫ রান করে। জবাব ২১.৩ ওভারে ১০১ রানে শেষ হয় সবুজ দলের ইনিংস। তামিমের দল জয় পায় ১০৪ রানের ব্যবধানে।
এছাড়া নাসুমকে বাদ দিয়ে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হচ্ছিল। তবে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট নিয়ে সেই আলোচনা থামিয়ে দিয়েছেন তাইজুল। এছাড়া মিরাজের পকেটে ৩টি ও নাসুম ২ উইকেট পেয়েছেন। প্রস্তুতি ম্যাচে দুই দলে খেলেছেন দুজন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাদ হোসেন। রিশাদ ২ উইকেট নিলেও বিপ্লব বোলিংই করতে পারেননি।