২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ

মিরপুরে আগামী বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সর্বনিম্ন ২০০ টাকায় ঢাকার দর্শকরা সাকিব-বাটলারদের ম্যাচ দেখতে পারবেন। অনলাইনে টিকিট কেনার সুযোগ না থাকায় সরাসরি লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে। ঢাকায় মঙ্গলবার থেকে ৫ ক্যাটাগরির টিকিট কিনতে পারবেন দর্শকরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রথম দুটি ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে বলা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ ১৫০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৫০০ টাকা। ১০০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

ম্যাচ ও ম্যাচের আগের দিন টিকিট সংগ্রহ করা যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।