ভবিষ্যৎ ক্রিকেটারদের টেস্ট খেলায় অভ্যস্ত করে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে 'অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট লিগ'। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এমএ আজিজ স্টেডিয়ামে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই লিগ। শেষ হবে ৮ থেকে ১১ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে।
বুধবার চিটাগাং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, এই লিগে আট বিভাগের ক্রিকেটাররা চারটি জোনে ভাগ হয়ে খেলবে। এই জোনগুলো হলো- নর্থ, ইস্ট, সাউথ এবং সেন্ট্রাল। ম্যাচগুলো হবে চারদিনের। আর প্রতিটি দলই খেলবে একে অপরের সঙ্গে।
এরপর টুর্নামেন্ট সেরা দুই দল খেলবে ফাইনালে। সবমিলিয়ে লিগে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগে যে দলটি চ্যাম্পিয়ন হবে তারা পাবে পাঁচ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে তিন লাখ টাকা।
সংবাদ সম্মেলনে আকরাম খান আরও জানান, 'সম্ভাবনাময়ী তরুণদের বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলার উপযোগী হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন করা হচ্ছে। আমরা আশা করছি এর মাধ্যমে ভবিষ্যতের সাকিব-তামিম-মুশফিকরা উঠে আসবে।'
/এমআর/