‘বাংলাদেশ খুব ভালো লড়াই করেছে’

ঢাকায় টানা দুটি ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। সাত বছর পর দেশের মাটিতে একদিনের ক্রিকেটে প্রথমবার সিরিজ হারে বাংলাদেশ। লজ্জাটা আরও বাড়তে পারতো, যদি হোয়াইটওয়াশ হতো। সেটা হতে দেয়নি বাংলাদেশ। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ৫০ রানে জিতেছে স্বাগতিকরা।

এই ম্যাচ হারের পর বাংলাদেশের প্রশংসা করলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার, ‘আমরা শুরুটা ভালো করেছিলাম, কিন্তু বাংলাদেশ সত্যিই খুব ভালো লড়াই করলো।’ শেষ ম্যাচেও বাংলাদেশকে হারাতে মরিয়া ছিল সফরকারীরা, ‘আমরা আজকের খেলায় জিততে মরিয়া ছিলাম। কিন্তু অবশ্যই আমরা এখনও খুশি, কারণ সিরিজ জিতলাম।’

কয়েক মাস পর ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার মিশন ভারতের মাটিতে। এর আগে বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে মনে করেন বাটলার, ‘যেভাবে চেয়েছিলাম, সেভাবেই এই সফর হলো। এই ধরনের উইকেটে আমরা খেলতে চেয়েছিলাম। এমন কন্ডিশনে আমাদের চ্যালেঞ্জ করা ছিল দারুণ, যেই কন্ডিশন আমাদের জন্য খুব কঠিন।’

এবার টি-টোয়েন্টি সিরিজে চোখ অধিনায়কের, ‘আমরা এবার (টি-টোয়েন্টি) ম্যাচের দিকে তাকিয়ে। এই ফরম্যাট আমরা সত্যিই উপভোগ করি।’