তুর্কমেনিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এইচ’ গ্রুপের খেলা শুরু হয়েছে বুধবার। তবে আগামীকাল শুক্রবার থেকে স্বাগতিক বাংলাদেশের মিশন শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচে শামসুন্নাহার-স্বপ্নাদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। শুরুর ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইছে গোলাম রব্বানী ছোটনের দল।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৫টায় মাঠে নামবে তারা। ম্যাচটি যে সহজ হবে না তা ভালোই বুঝতে পারছেন বাংলাদেশ কোচ। শুরুর ম্যাচে যদিও তুর্কমেনিস্তান ৭-১ গোলে হেরেছে ইরানের কাছে। 

বয়সভিত্তিক টুর্নামেন্ট হলেও  ফিফা র‌্যাংঙ্কিংয়ে ইরান (৬৮তম) সবচেয়ে এগিয়ে। তুর্কমেনিস্তান (১৩৭তম) ও বাংলাদেশ (১৪০তম) কাছাকাছি। র‌্যাংকিংয়ে তুর্কমেনিস্তানের কাছাকাছি থেকেও প্রতিপক্ষকে সমীহ করছেন বাংলাদেশ কোচ, ‘কোনও প্রতিপক্ষকে আমরা কখনও ছোট করে দেখি না। তুর্কমেনিস্তানও শক্তিশালী দল। তবে সাম্প্রতিক সময়ে আমাদের মেয়েরা যেমন পারফরম্যান্স উপহার দিয়েছে, তাতে আমি তাদের নিয়ে আশাবাদী। আমরা জয়ের জন্যই নামবো।’

প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান হারলেও তাদের গোলকিপার আমানবেরদিয়েভা আয়েশার খেলা চোখে পড়েছে। তাই ছোটন বলেছেন, ‘ওদের গোলকিপার অসাধারণ খেলেছে। ইরান ম্যাচে ওরা বড় ব্যবধানে হেরেছে, কিন্তু ওদের গোলকিপার ওতগুলো সেভ না করলে ব্যবধান অনেক বেশি হতো। ওকে পরাস্ত করতে হলে আমাদের ফরোয়ার্ডদের তাড়াহুড়ো করলে চলবে না, বক্সে মাথা ঠাণ্ডা রেখে খেলতে হবে। আশা করছি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মতোই গোলের ধারায় থাকতে পারবে শামসুন্নাহাররা।’