ইংল্যান্ডের বিপক্ষে আগেই প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক বাংলাদেশ ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে। এদিন রাতে একই স্কোয়াড রেখে তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। অর্থাৎ শেষ ম্যাচে বাংলাদেশ কোনও পরিবর্তিত আনেনি।
চট্টগ্রামে প্রথম ম্যাচ জয়ের পর ঢাকায় দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের কাছে পাত্তা পায়নি ইংল্যান্ড। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর রবিবার ৪ উইকেটে জিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার সিরিজ পকেটে পুড়েছে।
আগামী মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সামনে সুযোগ শক্তিশালী ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার। বেলা তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
তৃতীয় ও শেষ ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।